দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৯ জনে।
বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২২৪ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে দেশে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৫৮ জনের শরীরে। এ ছাড়া ১ হাজার ৩৭৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৬ জন, চট্টগ্রামে ১২৩ জন, ময়মনসিংহে ৯৪ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৫৮ জন এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।