ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা
বিদেশে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের ভেতরে থাকা নেতাকর্মীদের দিয়ে বোমাবাজি, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসবের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সহিংসতায় নিহত কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রথমবারের মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। জনগণ যাদের ভোট দিয়েছে, তারাই এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। অথচ বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তারা এখন সরু রাস্তা, গলি ও ইটের রাস্তা দিয়ে এসে ককটেল নিক্ষেপ করছেন। জনগণ তাদের সঙ্গে নেই। দুই বছর ধরে তারা দেশে নেই। অথচ বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন হয়েছে, পুলিশ ধরে নিয়ে রিমান্ডে নিয়েছে, গুলি করেছে। তারপরও তারা দেশের মাটি ছেড়ে পালিয়ে যাননি, লড়াই করেছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে কলকাতা, দুবাই ও ব্যাংককে ব্যবসা-বাণিজ্য গড়ে তুলেছেন। সেখানে বসে কিছু লোককে দিয়ে মানুষ হত্যা, বোমাবাজি, পুলিশের বক্স ও যানবাহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি কখনো আন্দোলনের নামে আগুন সন্ত্রাসকে সমর্থন করেনি; বরং এ ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করেছে। আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের একটি অডিও বক্তব্য ছড়িয়ে পড়েছে। সেখানে প্রতিটি ইউনিয়নে তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। বক্তব্যটি যাচাই করে এর সত্যতা পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, তারেক রহমানের সরকার দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি চায় না। কিন্তু প্রতিবেশী দেশ থেকে লকডাউনের ঘোষণা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যারা বিদেশে বসে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে।

নিহত রাজু মোল্লার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এত মানুষ হত্যার পরও আজ রাজুকে হত্যা করা হয়েছে। রাজুর বাবার কান্না আকাশ-বাতাস ছাপিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে।

শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, দিল্লিতে বসে আপনি হুকুম দিয়ে বাংলাদেশের মানুষ হত্যা করছেন। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা এ ধরনের হামলা চালাতে আসবে, তাদের বিষদাঁত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। রাজুর কী অপরাধ ছিল, যে কারণে তাকে পৃথিবী থেকে চলে যেতে হলো? এ হত্যাকাণ্ডের জন্য সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে দায়ী করে তিনি বলেন, তার নির্দেশেই এ ঘটনা ঘটেছে।

এর আগে বিকেলে রাজু মোল্লার মরদেহ ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে জড়ো হন। একপর্যায়ে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

জানাজায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।





কমেন্ট বক্স