ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ইাতহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস

আন্তর্জাতিক ডেস্ক
১ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের ইাতহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন হাকিম জেফরিস। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে স্পিকারের দায়িত্ব নেওয়ার পথে এগিয়ে গেলেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) দলের রুদ্ধদ্বার ভোটে ২৬৫টি ভোটের মধ্যে ২৫২টি পেয়ে মনোনয়ন নিশ্চিত করেন নিউইয়র্ক থেকে নির্বাচিত এই কংগ্রেস সদস্য। বার্তা সংস্থা ডয়েচে ভেলে এ তথ্য জানিয়েছে।

আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে জেফরিসের। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পায় ডেমোক্রেটিক পার্টি। নতুন কংগ্রেসের কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে দলটির নেতৃত্বে প্রতিনিধি পরিষদের স্পিকারের দায়িত্বও নিতে পারেন জেফরিস।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় স্পিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট—উভয়ের দায়িত্ব পালনে অক্ষমতার পরিস্থিতিতে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের সাংবিধানিক উত্তরাধিকার তালিকায় স্পিকারের অবস্থান তৃতীয়।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত স্পিকারের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার ঘটনা ঘটেনি। তবে ১৮৩৫ থেকে ১৮৩৯ সাল পর্যন্ত প্রতিনিধি পরিষদের স্পিকার ছিলেন জেমস কে পোল্ক। পরবর্তী সময়ে নির্বাচনে জয়ী হয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন।

এদিকে স্পিকারের দায়িত্ব নেওয়ার পর হাকিম জেফরিস ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রশাসনের ওপর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে ডেমোক্র্যাটরা নতুন সুযোগ পাবে।

সূত্র: ডয়েচে ভেলে





কমেন্ট বক্স