ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে বাস-ট্রাকে আগুন, আতঙ্কে যাত্রীরা

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
সোনারগাঁয়ে বাস-ট্রাকে আগুন, আতঙ্কে যাত্রীরা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৃথক দুটি স্থানে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (১৯ বৃহস্পতিবার) ভোর থেকে সকাল পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাস ও ট্রাকের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মীরের টেক এলাকায় খড়বোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

দিনাজপুর থেকে আসা ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬ নম্বরের ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মীরের টেক বাজার জামে মসজিদের সামনে খড় আনলোডের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। এ সময় চালক ও হেলপার ট্রাকের ভেতরে ঘুমিয়ে ছিলেন।

পরে ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে জানান, মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। এ সময় চালক ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। পরে সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুর ব্রিজ এলাকায় তিশা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা দ্রুত নেমে পড়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

তবে আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সকালে মহাসড়কের দুই স্থানে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেছেন, মহাসড়কের পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।





কমেন্ট বক্স