ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ভূমিমন্ত্রী জাভেদ ইকবালের ১৫ বছর কারাদণ্ড, স্ত্রীর ১০ বছর

অনলাইন ডেস্ক
৩১ মিনিট আগে
সাবেক ভূমিমন্ত্রী জাভেদ ইকবালের ১৫ বছর কারাদণ্ড, স্ত্রীর ১০ বছর
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
একই মামলায় জাভেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ আরও ১৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার মোট ৩৬ আসামির মধ্যে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের সাজা দেওয়া হয়। অন্যদিকে, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না থাকায় বাকি ১৯ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

১০ বছর করে কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—রুকমীলা জামান, মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, সাবেক পরিচালক বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও এজিএম উৎপল পাল।

এর আগে রোববার সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ ও আসামিপক্ষের জেরা শেষ হয়। সব মিলিয়ে এ মামলায় ৫৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে ওই অর্থ উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার এবং সেখানে সম্পত্তি কেনার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগপত্র অনুযায়ী, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এসব ঘটনা ঘটে।





কমেন্ট বক্স