ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়ার বিনিয়োগ চান স্পিকার

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়ার বিনিয়োগ চান স্পিকার
বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই সঙ্গে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ ও স্লোভেনিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই তৎকালীন যুগোস্লাভিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিকাশ ঘটেছে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির যুগোস্লাভিয়া সফর এবং দেশটির তৎকালীন রাষ্ট্রপতি মার্শাল টিটোর সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।

এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তবে পরবর্তী সময়ে সামরিক ও স্বৈরাচারী শাসনের কারণে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে।

স্পিকার আরও বলেন, বিগত ১৬ বছরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল। গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছিল। পরে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই শাসনের অবসান ঘটে।

সর্বশেষ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে উল্লেখ করেন স্পিকার।

জবাবে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন বলেন, বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করেছে। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে স্লোভেনিয়া সরকার অত্যন্ত আগ্রহী বলেও জানান তিনি।

বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকটের সমাধান এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে স্লোভেনিয়া দূতাবাসের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





কমেন্ট বক্স