ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায়

অনলাইন ডেস্ক
৪৭ মিনিট আগে
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায়
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে চালানো নৃশংসতার চিহ্ন মুছে ফেলতে মৃতদেহ পুড়িয়ে ফেলা এবং ঘটনাস্থলে বুলডোজার চালানোর অভিযোগ উঠেছে মিয়ানমারের বিরুদ্ধে। দেশটির সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপকভাবে আলামত ধ্বংস করেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইউজাওয়া ইউজি। এতে ওই সময় রাখাইনে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে কার্যকর তদন্ত বাধাগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়া শুরু হয়। আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় ঘোষণা করছেন আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইউজাওয়া ইউজি।

রায় পাঠের এক পর্যায়ে তিনি বলেন, মিয়ানমার মৃতদেহ পুড়িয়ে কিংবা অন্য উপায়ে সরিয়ে ফেলে গণহত্যার অভিযোগ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রমাণ ব্যাপকভাবে ধ্বংস করেছে।

বিচারক আরও জানান, যেসব এলাকায় সামরিক বাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালানো হয়েছিল, সেসব স্থানে আগুন দেওয়া হয় এবং বুলডোজার দিয়ে বিভিন্ন স্থাপনা ও বসতি গুঁড়িয়ে দেওয়া হয়। এর ফলে ২০১৭ সালে রাখাইনে সংঘটিত ঘটনাগুলোর প্রকৃত চিত্র উদ্‌ঘাটনে কার্যকর তদন্ত পরিচালনা কঠিন হয়ে পড়ে।

রায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিষয়টিও উঠে এসেছে। বিচারক ইউজাওয়া ইউজি বলেন, আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মিয়ানমারের সামরিক বাহিনীর কিছু ফেসবুক বার্তা অ-রোহিঙ্গা জনগোষ্ঠীকে একটি গোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় জড়িয়ে পড়তে উৎসাহিত করার চেষ্টা করেছিল।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের পাশাপাশি আলামত ধ্বংস এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানির বিষয়গুলোও মামলার গুরুত্ব বাড়িয়েছে। আদালতের রায়ে এসব বিষয় কীভাবে মূল্যায়িত হয়েছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।





কমেন্ট বক্স