ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারির শুরুতেই বাজারে রমজানের খেজুর চান বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
২৯ মিনিট আগে
জানুয়ারির শুরুতেই বাজারে রমজানের খেজুর চান বাণিজ্যমন্ত্রী
রমজান সামনে রেখে জানুয়ারির শুরুতেই দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুর সরবরাহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে আলজেরিয়া থেকে সরাসরি খেজুর আমদানি এবং সাশ্রয়ী দামে সরবরাহের বিষয়ে দেশটির সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে আলোচনা করেছে সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানির সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে মন্ত্রী বলেন, সাধারণত জানুয়ারির মাঝামাঝি থেকে ভোক্তারা রমজানের কেনাকাটা শুরু করেন। তাই বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রাখতে জানুয়ারির শুরুতেই পর্যাপ্ত খেজুর পৌঁছানো প্রয়োজন।

জবাবে আলজেরিয়ার রাষ্ট্রদূত জানান, বর্তমানে দেশটিতে খেজুরের ভরা মৌসুম চলছে এবং বিপুল পরিমাণ খেজুর মজুত রয়েছে। প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব ইতোমধ্যে দেশটির কৃষি মন্ত্রণালয় পাঠিয়েছে।

এ ছাড়া আলজেরিয়ার একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি ২ থেকে ৫ মার্কিন ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে। রাষ্ট্রদূত জানান, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা গেলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে চালান বাংলাদেশের বন্দরে পৌঁছানো সম্ভব।

বৈঠকে জ্বালানি খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের প্রসঙ্গ তুলে বাণিজ্যমন্ত্রী বলেন, এ খাতে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পুরোনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন বা যৌথ বাণিজ্য কমিটি গঠনের বিষয়েও দুই পক্ষ একমত হয়। পাশাপাশি বাংলাদেশের এফবিসিসিআই ও আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ এবং নিয়মিত বৈঠকের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম তুলে ধরেন রাষ্ট্রদূত। আগামী ৩ থেকে ৭ ডিসেম্বর দেশটিতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণও জানান তিনি।

সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত তৈরি করে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় ও আলজেরীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





কমেন্ট বক্স