ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা, শুরু ২১ নভেম্বর

অনলাইন ডেস্ক
৫২ মিনিট আগে
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা, শুরু ২১ নভেম্বর
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা এসব কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ৪০ দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মসূচির শুরুতে আগামী ২১ নভেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত। ২৫ নভেম্বর দেশের সব মহানগরে বিক্ষোভ সমাবেশ এবং রাজধানীতে মহিলা বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর সব জেলা সদরে সমাবেশ ও বিক্ষোভের আয়োজন করা হবে।

এ ছাড়া ২৯ নভেম্বর ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা করবে দলটি। ৩০ নভেম্বর দেশের সব উপজেলা ও থানা সদরে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ২ ডিসেম্বর পোশাকশিল্পের সংকট ও অস্থিরতা নিয়ে রাজধানীতে আলোচনা সভা করবে জামায়াত।

স্বৈরাচারের পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ৬ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমনে ব্যর্থতা নিয়ে কর্মসূচি এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জামায়াতপন্থি আইনজীবীদের উদ্যোগে কর্মসূচি পালন করা হবে। ১৩ ডিসেম্বর ব্যবসায়ীদের নিয়ে সম্মেলন করবে দলটি।

১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। একইভাবে ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানী ঢাকাসহ দেশের সব শাখায় বিজয় র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল করবে জামায়াত। ১৯ ডিসেম্বর শহিদ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া, ২০ ডিসেম্বর চিকিৎসকদের, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সবশেষে ২৬ থেকে ৩১ ডিসেম্বর সপ্তাহব্যাপী সারা দেশে যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তায় রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প আয়োজন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।





কমেন্ট বক্স