ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণহত্যার দায়ে দোষী মিয়ানমার, এবার খুলবে কি রোহিঙ্গাদের দেশে ফেরার পথ?

অনলাইন ডেস্ক
১২ মিনিট আগে
গণহত্যার দায়ে দোষী মিয়ানমার, এবার খুলবে কি রোহিঙ্গাদের দেশে ফেরার পথ?
২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা সামরিক অভিযানের সময় ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জাতিসংঘের তদন্ত অনুযায়ী, এসব সহিংসতার মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। সেই ঘটনার প্রায় নয় বছর পর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে আইসিজের ১৫ বিচারকের বেঞ্চ ৯-৬ ভোটে এই রায় দেন। 
আদালত বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজারো রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নির্যাতন করেছে এবং প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপর হামলা করেছে। এসব কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল।

রায়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা এবং অপরাধীদের শাস্তি না দেওয়ার অভিযোগও প্রতিষ্ঠিত হয়েছে। দেশটিকে অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের তদন্ত ও বিচার, ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধের নিশ্চয়তা এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের প্রতিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং ক্ষতিপূরণ। তবে ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে।

এই রায়কে রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। তবে এতে বাংলাদেশের শরণার্থীশিবিরে থাকা ১২ লাখের বেশি রোহিঙ্গার জীবনে তাৎক্ষণিক পরিবর্তন আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ, রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব ও পরিচয়ের প্রশ্ন—সব মিলিয়ে প্রত্যাবাসনের পথ এখনো জটিল।

রায় শুনে উচ্ছ্বাস, তবু ঘরে ফেরার অপেক্ষা

হেগে আদালতের রায় ঘোষণার সময় কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে অনেকে পর্দায় চোখ রেখেছিলেন। কোথাও বড় পর্দায়, কোথাও ছোট টেলিভিশনের সামনে জড়ো হন শরণার্থীরা। রায়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠিত হওয়ার পর অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। কেউ আনন্দে উঠে দাঁড়ান, কেউ প্রার্থনায় মগ্ন হন। দীর্ঘদিনের অপেক্ষার পর নিজেদের ওপর চালানো নির্যাতনের বিচারিক স্বীকৃতি পাওয়াকে তারা গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন।

তবে এই স্বীকৃতির পরও দেশে ফেরার নিশ্চয়তা মিলবে কি না, সেই প্রশ্ন রয়ে গেছে। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে, ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা পরিবারগুলোর কাছে এই রায় যেমন স্বস্তির, তেমনি তা নতুন প্রত্যাশা ও অনিশ্চয়তাও তৈরি করেছে।

দিল হোসেন ও তার স্ত্রী আলিনেসা ২০১৭ সালে নবজাতক মেয়ে ইশারাকে নিয়ে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আসেন। পালানোর সময় কাদা, পাহাড় ও পানির মধ্য দিয়ে তাদের ছুটতে হয়েছিল। তাদের বাবা-মা ও আত্মীয়স্বজনের অনেকে মিয়ানমারে থেকে গিয়েছিলেন। পরে সেনাবাহিনীর হাতে তাদের কয়েকজন নিহত হন বলে জানান আলিনেসা।

প্রায় নয় বছর ধরে শরণার্থীশিবিরে বসবাস করছে পরিবারটি। তাদের মেয়ে ইশারা শরণার্থী হিসেবেই বড় হচ্ছে। কমে আসা সহায়তা, অনিশ্চিত ভবিষ্যৎ এবং নিজ দেশে ফেরার আকাঙ্ক্ষা—সব মিলিয়ে কঠিন সময় পার করছে পরিবারটি। দিল হোসেনের আশা, আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, তারা নিজেরা নির্যাতনের শিকার হয়েছেন, তাই কী ঘটেছিল, তা তারা জানেন।

২৫ বছর বয়সী শিবিরকর্মী নুরুল আমিনের স্মৃতিতে এখনো মিয়ানমারের বাড়ি, গাছপালা, বাগান ও কৃষিজমির কথা ভাসে। সেখানে নিজেদের উৎপাদিত খাবার দিয়ে জীবন চলত। এখন শরণার্থীশিবিরে সহায়তার ওপর নির্ভর করতে হয়। তার ভাষায়, ২৪ ঘণ্টাই হতাশার মধ্যে কাটে; মনে হয়, পুরো পৃথিবীটাই হারিয়ে গেছে।

১৮ বছর বয়সী মোহাম্মদ রেহান ছোটবেলায় নিজের বাড়িতে আগুন লাগার ঘটনা দেখেছেন। তিনি আশা করেন, আদালতের রায় তাদের ওপর চালানো নির্যাতনকে স্বীকৃতি দেবে এবং সমান অধিকার প্রতিষ্ঠার পথ তৈরি করবে।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের বলেন, মিয়ানমারে তাদের ‘বাঙালি’ বলে পরিচয় দেওয়া হতো। অথচ তারা সেখানে গণহত্যার শিকার হয়েছেন। তার মতে, রোহিঙ্গাদের দুর্ভোগের সাক্ষী ও প্রমাণ রয়েছে। মিয়ানমারে দীর্ঘ ২০ বছর শিক্ষকতা করেছেন তিনি; সেখানে সম্মানজনক জীবন ছিল। এখন শরণার্থীশিবিরের জীবনকে কারাগারের চেয়েও কঠিন মনে হয় তার কাছে। তিনি নিজ দেশে ফিরতে চান।

ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহপ্রতিষ্ঠাতা নায় সান লুইন মনে করেন, শুধু একটি রায়ই ন্যায়বিচার নিশ্চিত করবে না। রোহিঙ্গাদের স্বতন্ত্র পরিচয়ের স্বীকৃতি, নাগরিকত্ব, সমান অধিকার, প্রতিটি ভুক্তভোগীর জন্য বিচার এবং মর্যাদার সঙ্গে নিরাপদে ফেরার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে রায় বাস্তবায়নে ভূমিকা রাখার পাশাপাশি অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।

কী বলেছে আইসিজে

আদালতের রায়ে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ২০১৭ সালের অভিযানে গণহত্যা সনদে নিষিদ্ধ কর্মকাণ্ড সংঘটিত করেছে। এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করা। আদালতের পর্যবেক্ষণে, সহিংসতার ব্যাপকতা ও ধরন সামরিক প্রয়োজনের সীমা ছাড়িয়ে গিয়েছিল।

গণহত্যার দায় নির্ধারণের পাশাপাশি আদালত পৃথক ৯-৬ ভোটে রায় দেন, মিয়ানমার তার নিরাপত্তা বাহিনীর সঙ্গে থাকা ব্যক্তিদের মাধ্যমে সংঘটিত গণহত্যা প্রতিরোধের বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে। ১১-৪ ভোটে আদালত বলেন, গণহত্যা ও গণহত্যা সনদের তৃতীয় অনুচ্ছেদে উল্লেখ করা অপরাধগুলোর জন্য দায়ীদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার।

তবে রোহিঙ্গাদের বিরুদ্ধে বেসরকারি ব্যক্তিদের মাধ্যমে সরাসরি ও প্রকাশ্যে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে আদালত মিয়ানমারকে দায়ী করেননি। এ বিষয়ে ১৪-১ ভোটে আদালত বলেন, অভিযোগটি প্রমাণিত হয়েছে বলে তারা নিশ্চিত হতে পারেননি।

বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, ২০১৭ সালের অভিযানের পর হত্যাকাণ্ডের প্রমাণ নষ্ট করার ঘটনাও আদালতের বিবেচনায় এসেছে। মরদেহ পুড়িয়ে ফেলা বা সরিয়ে নেওয়া এবং অভিযান শেষে ঘটনাস্থল ও বসতিতে আগুন দেওয়া কিংবা বুলডোজার চালানোর মতো কর্মকাণ্ড তদন্তে বাধা সৃষ্টি করেছে।

আদালত আরও বলেন, ২০১৭ সালের অভিযানের আগে উত্তর রাখাইনে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বসবাস করতেন। তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। গণহত্যা সনদের আওতায় এই জনগোষ্ঠীকে একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে।

রোহিঙ্গাদের স্বতন্ত্র ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের বিষয়টিও মামলায় গুরুত্ব পেয়েছে। ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে মিয়ানমারের স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত করা হয়নি। এর ফলে দীর্ঘদিন ধরে তারা বৈষম্য ও বিভিন্ন বিধিনিষেধের মুখে পড়েছেন। আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণে রোহিঙ্গাদের অমানবিক হিসেবে তুলে ধরা এবং তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে প্রচারের বিষয়টিও উঠে আসে।

রোহিঙ্গাদের জন্মহার নিয়ন্ত্রণে বিয়ে ও সন্তান নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ এবং যৌন সহিংসতার ঘটনাও আদালতের বিবেচনায় আসে। এসব পদক্ষেপ ও সহিংসতার প্রভাব রোহিঙ্গা জনগোষ্ঠীর অস্তিত্ব টিকিয়ে রাখার সক্ষমতার ওপর পড়েছিল বলে মামলায় যুক্তি উপস্থাপন করা হয়।

কী নির্দেশ দিয়েছেন বিচারকেরা

গণহত্যার দায় প্রতিষ্ঠার পাশাপাশি মিয়ানমারকে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য প্রতিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আইসিজে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব রোহিঙ্গা মিয়ানমারের বেআইনি কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত হয়েছেন, তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলন এবং হারানো বা ক্ষতিগ্রস্ত সম্পত্তির প্রতিকারও এর অন্তর্ভুক্ত।

ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী ও ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতাও মিয়ানমারের ওপর আরোপ করা হয়েছে। তবে পুনর্বাসন বা অন্য প্রতিকারের মাধ্যমে যে ক্ষতি পূরণ করা সম্ভব হবে না, তার জন্য ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় নির্ধারণ করবে আদালত। এ বিষয়ে রায় ঘোষণার দুই বছরের মধ্যে মিয়ানমারকে প্রতিকারমূলক ব্যবস্থা সম্পর্কে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে।

আদালত মিয়ানমারকে গণহত্যা সনদের লঙ্ঘন বন্ধ করা, অপরাধে জড়িত বলে সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর তদন্ত এবং প্রয়োজন হলে বিচার ও শাস্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর ঘটবে না—এ নিশ্চয়তাও দিতে হবে দেশটিকে।

যেভাবে আইসিজে পর্যন্ত গড়ায় মামলা

২০১৭ সালে উত্তর রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এসব ঘটনার বিচার চেয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। ১৯৭৮ সালে গণহত্যা সনদে স্বাক্ষর করা দেশটি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মামলাটি করে।

ওই বছরের ডিসেম্বরে রোহিঙ্গাদের সুরক্ষায় অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার আবেদনের শুনানি হয়। সে সময় মিয়ানমারের তৎকালীন স্টেট কাউন্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি নিজেই দেশটির পক্ষে আদালতে আইনি লড়াইয়ে নেতৃত্ব দেন।

২০২০ সালের জানুয়ারিতে আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং মামলার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেন। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা দখলকারী জান্তা সরকার ২০২২ সাল থেকে হেগে মিয়ানমারের প্রতিনিধিত্ব করছে। এই সরকারের নেতৃত্বে রয়েছেন মিন অং হ্লাইং, যিনি সেনাপ্রধান থাকাকালে রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালের সামরিক অভিযানের সময় দায়িত্বে ছিলেন।

২০২২ সালের জুলাইয়ে আইসিজে মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে মামলাটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত দেন। ২০২৩ সালের আগস্টে মিয়ানমার মামলার মূল আবেদনের জবাব জমা দেয়। পরের বছরের মে মাসে গাম্বিয়াও তার জবাব দেয়।

২০২৬ সালের জানুয়ারিতে আইসিজেতে টানা তিন সপ্তাহ মামলার মূল বিষয়ের ওপর শুনানি হয়। এতে উভয় পক্ষের যুক্তি, তথ্য-প্রমাণ, সাক্ষী ও বিশেষজ্ঞদের বক্তব্য উপস্থাপন করা হয়। গণহত্যা সনদের ব্যাখ্যা নিয়ে ১১টি দেশকেও নিজেদের বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হয়। দেশগুলো হলো কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।

বৃহস্পতিবারের রায়ের মধ্য দিয়ে মামলার মূল বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। আইসিজের এই রায় চূড়ান্ত; এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

গাম্বিয়ার আবেদন কী ছিল

গাম্বিয়া আইসিজের কাছে মিয়ানমারকে গণহত্যা সনদ লঙ্ঘনের জন্য দায়ী ঘোষণার আবেদন জানায়। অভিযোগগুলোর মধ্যে ছিল গণহত্যা সংঘটন, গণহত্যার ষড়যন্ত্র, তা প্রতিরোধে ব্যর্থতা এবং অভিযুক্ত অপরাধীদের বিচার না করা।

পাশাপাশি এসব লঙ্ঘন বন্ধ, গণহত্যাকে অপরাধ হিসেবে গণ্য করে সুনির্দিষ্ট আইন প্রণয়ন, অভিযুক্ত ব্যক্তিদের বিচার এবং গণহত্যায় সরাসরি ও প্রকাশ্যে উসকানি প্রতিরোধে মিয়ানমারকে নির্দেশ দেওয়ার আবেদন করে দেশটি।

রোহিঙ্গা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ারও আবেদন জানায় গাম্বিয়া। এর মধ্যে ছিল শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, আর্থিক ক্ষতিপূরণ এবং অন্যান্য প্রতিকার নিশ্চিত করা। গাম্বিয়া নিজে গণহত্যার সরাসরি শিকার না হলেও গণহত্যা সনদের স্বাক্ষরকারী দেশ হিসেবে রোহিঙ্গা ভুক্তভোগীদের পক্ষে ক্ষতিপূরণ চাওয়ার আইনি অধিকার রয়েছে বলে দাবি করে। তবে মিয়ানমার এ অবস্থানের বিরোধিতা করে।

এ ছাড়া ২০২০ সালের জানুয়ারিতে দেওয়া অন্তর্বর্তী নির্দেশনা মিয়ানমার মানেনি বলেও অভিযোগ করে গাম্বিয়া। ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন আর ঘটবে না—এ নিশ্চয়তা দেওয়ার জন্যও আদালতের কাছে আবেদন জানায় দেশটি।

রায় বাস্তবায়ন নিয়ে কী চ্যালেঞ্জ

আইসিজের রায় চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ রয়েছে। মিয়ানমার রায় কার্যকর না করলে গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারবে। জাতিসংঘ সনদের ৯৪(২) অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদ রায় বাস্তবায়নে সুপারিশ বা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিতে পারে।

তবে নিরাপত্তা পরিষদ এখন পর্যন্ত এ ধরনের ক্ষমতা প্রয়োগ করেনি। পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়া মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় রায় বাস্তবায়নে কূটনৈতিক জটিলতা তৈরি হতে পারে। ফলে আদালতের সিদ্ধান্তের বাস্তব প্রয়োগ অনেকটাই নির্ভর করবে আন্তর্জাতিক চাপ ও সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছার ওপর।

আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যানের মতে, কোনো দেশ সরাসরি গণহত্যার শিকার না হলেও গণহত্যা সনদের স্বাক্ষরকারী হিসেবে অন্য একটি দেশের বিরুদ্ধে মামলা করতে পারে। তার মতে, আইসিজের এই রায় আন্তর্জাতিক আইনে গুরুত্বপূর্ণ নজির তৈরি করেছে। একই সঙ্গে রায়ের পর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সুরক্ষা ও সহায়তা নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়তে পারে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন মনে করেন, ২০১৭ সালের নির্যাতনের ঘটনা আন্তর্জাতিক আইনে আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ায় রোহিঙ্গাদের রাজনৈতিক ও নাগরিক অধিকার আদায়ের দাবি আরও জোরালো হবে। তবে আদালতের রায় আর বাস্তব রাজনৈতিক সমাধান এক বিষয় নয়। তার মতে, রায়ের পরদিনই রোহিঙ্গারা দেশে ফিরে যেতে পারবেন—এমন প্রত্যাশার সুযোগ নেই; এর জন্য সময় লাগবে।

রাখাইনে সংঘাত, প্রত্যাবাসনে বড় বাধা

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি মিয়ানমারের চলমান সংঘাত। দেশটির রাখাইন রাজ্যের বড় অংশ, বিশেষ করে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে ভবিষ্যতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা হলে এই সশস্ত্র গোষ্ঠীকেও বিবেচনায় নিতে হবে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের থমাস কিনের মতে, রাখাইনে শান্তি প্রতিষ্ঠা ছাড়া রোহিঙ্গাদের নিরাপদে ফেরার পরিবেশ তৈরি হবে না। ২০২৪ সালে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ হয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের জোর করে সশস্ত্র গোষ্ঠীতে যুক্ত করার অভিযোগও রয়েছে। অন্যদিকে, রোহিঙ্গা বেসামরিক মানুষের ওপর আরাকান আর্মির নির্যাতনের অভিযোগ উঠেছে; রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও উত্তর রাখাইনে হামলার অভিযোগ রয়েছে।

এতে দুই পক্ষের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে। কিছু রোহিঙ্গার কাছে আরাকান আর্মিকে মিয়ানমার সেনাবাহিনীর মতোই, এমনকি আরও বড় হুমকি হিসেবে দেখা হয়। অন্যদিকে, আরাকান আর্মিও রোহিঙ্গাদের নিরাপত্তাঝুঁকি হিসেবে বিবেচনা করে বলে বিশ্লেষকদের বক্তব্যে উঠে এসেছে।

থমাস কিনের মতে, শুধু যুদ্ধ বন্ধ হলেই প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হবে না। রোহিঙ্গাদের পরিচয় ও নাগরিকত্বের স্বীকৃতিও গুরুত্বপূর্ণ। মিয়ানমার নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে থাকলে প্রত্যাবাসনের কথা বললেও নাগরিকত্বের ক্ষেত্রে রোহিঙ্গা পরিচয় অস্বীকারের প্রবণতা রয়েছে। গণহত্যার রায়ের পর আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমারের সামরিক নেতৃত্ব আরও কঠোর অবস্থান নিতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

তার মতে, বাংলাদেশকে প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য ও মানবিক সহায়তার বিষয়ে আরাকান আর্মিসহ মিয়ানমারের সব প্রভাবশালী পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।

অভ্যুত্থানের পরও সহিংসতা ও সংঘাত অব্যাহত

রোহিঙ্গা গণহত্যার মামলা ছাড়াও ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর সংঘটিত কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ছয়টি দেশে মামলা মোকাবিলা করছে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন জান্তা সরকার।

রাজনৈতিক বন্দিদের আটকে রেখেছে সরকার। তাদের মধ্যে রয়েছেন অং সান সু চি। রাজনৈতিক বন্দিদের সহায়তা সংস্থা এএপিপির তথ্য অনুযায়ী, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ৮ হাজার ৬০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত এবং ৩২ হাজারের বেশি মানুষ আটক হয়েছেন।

জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ, নিরাপত্তাহীনতা ও কর্মসংস্থানের অভাবে দেশটির বহু তরুণ অন্য দেশে পালিয়ে গেছেন। এর পাশাপাশি মূল্যস্ফীতি, ব্যাপক অপরাধ ও দেশজুড়ে সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রতিরোধ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে জান্তা সরকারের নিয়মিত বিমান হামলা ও স্থল অভিযানের কারণে বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে।

এই পরিস্থিতিতে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রত্যাবাসনের জন্য শুধু আইনি স্বীকৃতি যথেষ্ট নয়; প্রয়োজন কার্যকর নিরাপত্তা, নাগরিকত্ব ও অধিকার নিশ্চিত করা এবং মিয়ানমারের ভেতরে রাজনৈতিক সমাধান।

রায়ের পরও শেষ হয়নি রোহিঙ্গাদের লড়াই

রোহিঙ্গাদের জন্য আইসিজের রায় দীর্ঘদিনের নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি এবং ন্যায়বিচারের পথে বড় অগ্রগতি। তবে এই রায় বাস্তবায়ন, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং বাস্তুচ্যুত মানুষের নিজ দেশে ফেরার পরিবেশ তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ।

রোহিঙ্গাদের নেতা নায় সান লুইনের ভাষায়, রায়ই শেষ কথা নয়; তাদের পরিচয়, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। আর আলিনেসার প্রত্যাশা, সন্তানদের নিয়ে আর শরণার্থীশিবিরে নয়—নিজেদের বাড়িতে ফিরে শান্তিতে জীবন কাটাতে চান তারা।

গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আদালতের রায় এসেছে। এখন রোহিঙ্গাদের অপেক্ষা—এই বিচারিক স্বীকৃতি বাস্তবে তাদের ঘরে ফেরার পথ কতটা তৈরি করতে পারে। 





কমেন্ট বক্স