ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের নতুন হিসাব, অর্থ বিভাগে যাচ্ছে চিঠি

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের নতুন হিসাব, অর্থ বিভাগে যাচ্ছে চিঠি
নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে নতুন করে হিসাব তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংশোধিত হিসাব অনুযায়ী, ১২ মাসের বেতন-ভাতা বাবদ প্রয়োজন হবে ৬ হাজার ৮৯৫ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নতুন হিসাব বিবরণী শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাউশি। এখন অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে মাউশির পাঠানো সংশোধিত হিসাব বিবরণী পাওয়া গেছে। এ কারণে একই দিন অর্থ বিভাগে নতুন করে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো সম্ভব নাও হতে পারে। তবে বৃহস্পতিবারই চিঠি পাঠানোর চেষ্টা চলছে।

এর আগে নবম পে-স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়েছিল মাউশি। তবে ওই হিসাবে বড় ধরনের অসংগতি ধরা পড়ে। সংশোধিত হিসাবে প্রয়োজনীয় অর্থের পরিমাণ আগের হিসাবের দ্বিগুণেরও বেশি হয়েছে।

সূত্র জানায়, হিসাবের অসংগতি চিহ্নিত করে সম্প্রতি অর্থ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। এরপর মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় মাউশিকে নতুন করে হিসাব তৈরি করে পাঠানোর নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার সংশোধিত হিসাব বিবরণী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠায় অধিদপ্তর।

নতুন হিসাব অনুযায়ী, ১২ মাসের বেতন-ভাতার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন হবে। এর মধ্যে সাত মাসের বকেয়া এবং পাঁচ মাসের নিয়মিত বেতন অন্তর্ভুক্ত রয়েছে। সব মিলিয়ে এ খাতে প্রয়োজন ৬ হাজার ৮৯৫ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা।

হিসাব বিবরণী অনুযায়ী, স্কুলপর্যায়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রয়োজন হবে ৫ হাজার ৯৪ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৩৬৯ টাকা। আর কলেজপর্যায়ের শিক্ষক-কর্মচারীদের জন্য লাগবে ১ হাজার ৮০১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫৯৫ টাকা।

অর্থ বিভাগে নতুন করে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানোর পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।





কমেন্ট বক্স