লামা সরকারি মাতামুহুরী কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কলেজের অডিটোরিয়ামে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ইসলামী ছাত্রশিবিরের লামা উপজেলা শাখার সেক্রেটারি শহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন কলেজ শাখার সভাপতি শরিফুল আলম সাফিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর সাবেক পরিবহন সম্পাদক আফিস আবদুল্লাহ। বক্তব্যে তিনি বলেন, জীবনের প্রতিটি ধাপে সফলতার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায় থেকেই দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এস এম আবদুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি মোস্তাক আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রচার সম্পাদক হোসাইন আহমদ জুবাইর।