ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
৪৮ মিনিট আগে
সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার
রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১) একটি দল তাকে আটক করে।

এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন গুরুতর অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি এসব মামলায় পলাতক ছিলেন।

মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা (এফআইআর নং-৪) দায়ের করা হয়। এর আগে একই বছরের ১৯ জানুয়ারি সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অমান্যের অভিযোগে আরও একটি মামলা হয় তার নামে।

এ ছাড়া ২০২৫ সালের ৫ জুন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত আরেকটি মামলায় তাকে আসামি করা হয়। চলতি ২০২৬ সালেও তার বিরুদ্ধে সহিংসতা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা (১৯ মার্চ ও ২ জুন) রুজু হয়েছে। এর পাশাপাশি ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় দায়ের করা দুটি পুরোনো মামলারও আসামি তিনি; যার মধ্যে একটি মামলায় সে বছরের ২৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছিল।

গ্রেপ্তার হওয়া সাবেক এই সংসদ সদস্যকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি।





কমেন্ট বক্স