স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের বেশ কিছু মৌলিক সমস্যার সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নিরপরাধ মানুষ হত্যা, বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং কলকারখানা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এ অবস্থা থেকে দেশকে বেরিয়ে আসতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে দীর্ঘদিন ধরে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন শিক্ষার্থীরা। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে ছাত্ররা পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছেন। তারা সমাজ ও পুরো ব্যবস্থার পরিবর্তন চেয়েছেন। তবে দুর্ভাগ্যজনকভাবে সব ক্ষেত্রে সফল হওয়া সম্ভব হয়নি।
ঢাকা কলেজের ঐতিহ্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এই কলেজ শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ। এখান থেকে অনেক সৃজনশীল মানুষ তৈরি হয়েছেন। কলেজটির শিক্ষার্থীরা সব সময় রাজনৈতিকভাবে সচেতন ছিলেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন।
তবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবাসন, হোস্টেল, উন্নত লাইব্রেরি ও পরীক্ষাগারের সংকটের কথা শুনে তিনি খারাপ লাগার কথা জানান।
শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীরা স্নাতক শেষ করে কর্মজীবনে প্রবেশ করলেও অনেকের কর্মসংস্থান হচ্ছে না। চাকরির সুযোগও পর্যাপ্ত নয়। তাই শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে, যাতে তা কার্যকর হয় এবং দেশের পাশাপাশি মানুষের ও শিক্ষার্থীদের জীবনেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ দেশের জন্য পূর্বপুরুষেরা জীবন দিয়েছেন। নতুন প্রজন্মের অনেক তরুণও জীবন উৎসর্গ করেছেন। তাদের স্বপ্ন ও আত্মত্যাগের ভিত্তিতে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম মর্যাদা নিয়ে বাঁচতে পারবে। তারা পাবে মানবিক ও সাম্যের রাষ্ট্র এবং নিজেদের সম্ভাবনা বিকাশের সুযোগ।
শিক্ষকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, তাঁদের দায়িত্ব শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনেও শিক্ষকদের ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণামনস্কতা ও সৃজনশীল চিন্তার বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
নতুন প্রজন্মকে সৃজনশীল, সাহসী ও উদ্যোগী উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তাদের হাত ধরেই বাংলাদেশ একটি বাসযোগ্য ও মানবিক সমাজ হিসেবে গড়ে উঠবে।