ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট করে পাকিস্তানে সাইবার আইনে সাংবাদিক আটক

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট করে পাকিস্তানে সাইবার আইনে সাংবাদিক আটক
পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক শহীদ মাইতলাকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানিয়েছে বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। একই সঙ্গে তার বিরুদ্ধে করা সাইবার অপরাধের মামলা প্রত্যাহার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাকে অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশে স্থানান্তর না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মাইতলাকে আটকের কয়েক ঘণ্টা পর পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) জানায়, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে বেলুচিস্তানের রাজনীতিবিদ আনোয়ার-উল-হক কাকার উর্দু ভাষার সংবাদমাধ্যম ‘ইনডিপেনডেন্ট’-কে জানিয়েছেন, শহীদ মাইতলার বিরুদ্ধে তিনিই অভিযোগ দায়ের করেছেন।

তার দাবি, সাংবাদিকের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া কয়েকটি পোস্টে তাকে দুর্নীতির সঙ্গে জড়িত বলে ইঙ্গিত করা হয়েছে। উল্লেখ্য, আনোয়ার-উল-হক কাকার ২০২৩ ও ২০২৪ সালে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় রাজধানী ইসলামাবাদের একটি রেস্তোরাঁ থেকে শহীদ মাইতলাকে তুলে নিয়ে যান ইউনিফর্ম ও সাদা পোশাক পরা কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এরপর মাইতলাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। তিনি পাকিস্তানের একজন সাবেক টেলিভিশন উপস্থাপক। বর্তমানে তিনি ‘ব্লুম পাকিস্তান ডিজিটাল’-এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

‘ভয়েসপিকে ডট নেট’-এর প্রতিবেদন অনুযায়ী, ১৮ নভেম্বর আদালতে শহীদ মাইতলার আইনজীবী হাবিব হানজালা বলেন, তার মক্কেলকে বেআইনিভাবে আটক করা হয়েছে। তিনি জানান, কয়েক মাস আগে শুরু হওয়া এই বিরোধের জেরে গ্রেপ্তার এড়াতে মাইতলা আগেই ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তার-পূর্ব জামিন নিয়েছিলেন। তা সত্ত্বেও তাঁকে আটক করা হয়েছে।

মাইতলাকে কোয়েটায় নিয়ে যাওয়ার জন্য ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনসিসিআইএ) দুই দিনের সময় দিয়েছেন আদালত। তবে সংস্থাটি এ জন্য সাত দিনের সময় চেয়েছিল।

মাইতলাকে বেলুচিস্তানে নিয়ে যাওয়ার পর তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবী হাবিব হানজালা। তিনি বলেন, নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ)-এর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার কারণে মাইতলা হুমকির মুখে রয়েছেন।
আইনজীবী আরো উল্লেখ করেন, বিএলএ চলতি বছর প্রাণঘাতী হামলা জোরদার করেছে। এ কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে মাইতলার নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে।

সিপিজের আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক প্রতিনিধি ওয়ালিউল্লাহ রহমানি বলেন, আইনি সুরক্ষা ও আদালতের জামিন থাকা সত্ত্বেও পাকিস্তানি কর্তৃপক্ষ যেভাবে শহীদ মাইতলাকে অপহরণের মতো করে তুলে নিয়ে গেছে এবং তাকে অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে, তা দেশটিতে আইনের যথাযথ প্রয়োগ ও সংবাদপত্রের স্বাধীনতার প্রতি চরম অবজ্ঞার পরিচয় দেয়।

তিনি আরো বলেন, কর্তৃপক্ষের উচিত অবিলম্বে ও নিঃশর্তভাবে মাইতলাকে মুক্তি দেওয়া, রাষ্ট্রীয় হেফাজতে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের ভয় দেখানোর হাতিয়ার হিসেবে সাইবার অপরাধ আইন ব্যবহার বন্ধ করা। কর্তৃপক্ষ মাইতলার বিরুদ্ধে ‘প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট’ (পিইসিএ)-এর আওতায় মামলা করেছে। পাকিস্তানে সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এই আইন ব্যাপকভাবে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর আগে গত ৬ সেপ্টেম্বর সাংবাদিক মুহাম্মদ বিলাল গৌরিও একইভাবে ইসলামাবাদে নিজের বাড়ি থেকে নিখোঁজ হন। 

পরে এনসিসিআইএ জানায়, মাইতলাকে পিইসিএ আইনের আওতায়  আটক করা হয়েছে। তার আটকের বিষয়ে মন্তব্য জানতে সিপিজের পক্ষ থেকে এনসিসিআইএর কাছে খুদে বার্তা পাঠানো হলেও সংস্থাটি কোনো জবাব দেয়নি।





কমেন্ট বক্স