ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর মুদ্রানীতি গ্রহণের আশঙ্কায় শক্তিশালী হয়েছে ডলার। একই সঙ্গে বেড়েছে মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হার। এর প্রভাবে শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। মূল্যবান এই ধাতুর দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৫ দশমিক ৯২ ডলারে দাঁড়ায়। অন্যদিকে ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৭ দশমিক ৯০ ডলারে নেমে আসে।

এ বিষয়ে ক্রিটিক্যাল মেটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টনি সেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ফেডের কঠোর মুদ্রানীতির আশঙ্কায় স্বর্ণের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে। এতে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে। পাশাপাশি সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয়ও বেড়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট শেয়ারবাজারে চলমান দরপতনের কারণে বিনিয়োগকারীরা অন্যান্য খাতের লোকসান পুষিয়ে নিতে স্বর্ণ বিক্রি করছেন।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। শুক্রবার রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪২ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৩০৯ দশমিক ৩৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৯০৬ দশমিক ৬৭ ডলারে নেমেছে।

অন্যদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।





কমেন্ট বক্স