ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের পিঠার উষ্ণতায় প্রাণবন্ত হিমশীতল ফিনল্যান্ড

অনলাইন ডেস্ক
৪৮ মিনিট আগে
বাংলাদেশের পিঠার উষ্ণতায় প্রাণবন্ত হিমশীতল ফিনল্যান্ড
ফিনল্যান্ডের হিমশীতল আবহাওয়ায় সেদিন পিঠার ঘ্রাণ, বাংলার রং আর মানুষের ভালোবাসায় হেলসিংকির বুকে যেন গড়ে উঠেছিল একখণ্ড বাংলাদেশ। প্রমাণিত হয়েছিল, দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও বাঙালির হৃদয়ে বাংলাদেশ বেঁচে থাকে তার ভাষায়, সংস্কৃতিতে, ঐতিহ্যে আর মানুষের আত্মিক বন্ধনে।

সম্প্রতি হেলসিংকিতে প্রবাসীদের প্রাণের মেলা ‘পিঠা মেলা ২০২৬’, উপস্থিত ছিলেন ফিনিশ সংসদ সদস্য আত্তে কালেভা।

ফিনল্যান্ডের হাড়কাঁপানো শীতের মাঝেও যেন এক টুকরো বাংলাদেশ প্রাণ ফিরে পেয়েছিল রাজধানী হেলসিংকির বুকে। বাইরে হিমেল হাওয়া, চারদিকে শীতের তীব্রতা; আর ভেতরে বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির ঘ্রাণ, দেশীয় খাবারের বাহারি আয়োজন, রঙিন পোশাক আর প্রবাসী বাংলাদেশিদের প্রাণখোলা আড্ডা। সব মিলিয়ে রোববার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত ‘পিঠা মেলা ২০২৬’ পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

প্রবাসের ব্যস্ততম জীবনে এমন আয়োজন যেন মুহূর্তের জন্য সবাইকে ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা শৈশবে, গ্রামবাংলার শীতের সকালে কিংবা মায়ের হাতের তৈরি ভাপা পিঠা, চিতই পিঠা আর পাটিসাপটার মধুর স্মৃতিতে।

মেলায় ছিল বাংলার নানা ঐতিহ্যবাহী পিঠাপুলি, দেশীয় খাবার এবং বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে সাজানো আকর্ষণীয় সব স্টল। বাহারি পোশাকে পরিবার-পরিজন ও সন্তানদের নিয়ে মেলায় উপস্থিত হন প্রবাসী বাংলাদেশিরা। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।


অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন ফিনল্যান্ডের সংসদ সদস্য আত্তে কালেভা। তিনি মেলায় অংশগ্রহণ করেন এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান। তার উপস্থিতি আয়োজনটিতে যোগ করে বিশেষ মাত্রা।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন ইমন আহমদ, মহি খান, মোস্তাক সরকার, জিতু ইসলাম ও নুরুজ্জামান ভূইয়াঁসহ অন্যরা।

বক্তারা প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও নিজস্ব পরিচয় ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে ফিনল্যান্ডে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের শিকড়, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলতে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্বারোপ করেন।

বক্তাদের মতে, পিঠা মেলা কেবল পিঠাপুলি খাওয়া কিংবা কেনাবেচার আয়োজন নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।

মেলার বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ভিড়, পরিচিতজনদের সঙ্গে কুশল বিনিময় এবং পরিবারগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্পষ্ট হয়ে ওঠে—হাজার মাইল দূরে থেকেও বাঙালির হৃদয়ে নিজের দেশ, ভাষা ও সংস্কৃতির শেকড় কতটা গভীরভাবে প্রোথিত।

বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের জন্য আয়োজনটি ছিল ভিন্নধর্মী অভিজ্ঞতা। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও সামাজিক সংস্কৃতির সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পায় তারা। একই সঙ্গে ফিনল্যান্ডের বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশের ঐতিহ্য ও বাঙালির স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার একটি সুন্দর মঞ্চ হয়ে ওঠে মেলাটি।

আয়োজকদের এমন উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

দিনশেষে ‘পিঠা মেলা ২০২৬’ কেবল একটি সাংস্কৃতিক উৎসবেই সীমাবদ্ধ থাকেনি; বরং হয়ে উঠেছিল স্মৃতি, আবেগ, ভালোবাসা আর শিকড়ের টানে একত্র হওয়ার এক অনন্য উপলক্ষ।





কমেন্ট বক্স