ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা মূল্যস্ফীতি কমাবে: গভর্নর

অনলাইন ডেস্ক
৫৭ মিনিট আগে
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা মূল্যস্ফীতি কমাবে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ উৎপাদন বাড়ানো এবং বাজারে পণ্যের সরবরাহব্যবস্থা সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে মূল্যস্ফীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। চলতি অর্থবছরের মধ্যেই এ প্যাকেজের অর্থ বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন গভর্নর।

২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এতে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, গবেষক, সাংবাদিক ও ব্যাংকাররা অংশ নেন।

গভর্নর বলেন, ২০২৭ সালের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিনিয়োগের ২০ শতাংশ খুচরা খাতে এবং ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে রাখতে হবে। একই সঙ্গে করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।

করপোরেট খাতে বিনিয়োগের অর্থ ভবিষ্যতে পুঁজিবাজার থেকে সংগ্রহের বিষয়েও গুরুত্বারোপ করেন মো. মোস্তাকুর রহমান।

মুদ্রানীতিকে আরও কার্যকর করতে সংসদীয় স্থায়ী কমিটির পরামর্শক্রমে ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ।

সভায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মুদ্রানীতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার মুদ্রানীতির ধারণা, প্রক্রিয়া, বিভিন্ন উপকরণ ও কার্যকারিতা নিয়ে উপস্থাপনা করেন।

এদিকে বিজিএমইএর সহসভাপতি সেলিম রহমান বলেন, ব্যবসায়ীরা উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপ সামাল দিতে পারলেও অনিশ্চয়তা মোকাবিলা করা কঠিন। গত কয়েক বছরে করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মার্কিন-ইরান যুদ্ধসহ বিভিন্ন কারণে জ্বালানিসংকট তৈরি হয়েছে। এতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের মতো দেশের মুদ্রার বিনিময় হার ব্যবস্থাপনা অনুসরণের পরামর্শ দেন তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি এ এম মাহবুব চৌধুরীর প্রশ্নের জবাবে গভর্নর জানান, অপ্রত্যাবাসিত রপ্তানি আয় এবং পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে বিদেশে বাংলাদেশের দূতাবাস ও বিভিন্ন সংস্থাকে কাজে লাগানো হচ্ছে।

অন্যদিকে উৎপাদন ব্যয় কমাতে মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে ঋণের সুদের হার কমানোর পরামর্শ দেন ব্যবসায়ীরা।





কমেন্ট বক্স