ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সার বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি কৃষি সচিবের

অনলাইন ডেস্ক
৫৯ মিনিট আগে
সার বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি কৃষি সচিবের
কৃষক পর্যায়ে সার বিতরণে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট কিংবা হয়রানির অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি বলেছেন, সরকারি নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকের কাছে সার পৌঁছানো নিশ্চিত করতে হবে। কোনো কৃষক যেন সার পাওয়া থেকে বঞ্চিত না হন।

শুক্রবার (২০ নভেম্বর) রংপুরে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সংক্রান্ত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম।

সভায় কৃষি সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠপর্যায়ে সারের মজুত, সরবরাহ ও বিতরণ কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দেন। এ ক্ষেত্রে সার ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সেলিম খান বলেন, সার পরিবহন ও সরবরাহ ব্যবস্থাপনায় কোনো সিন্ডিকেট থাকলে তা ভেঙে দেওয়া হবে। কৃষকের স্বার্থ রক্ষায় সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

সভায় রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধান এবং সার ডিলাররা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টায় কৃষি সচিব রংপুর মহানগরীতে বিসিআইসির তিনটি সার ডিলারের গুদাম পরিদর্শন করেন। এ সময় তিনি সার কিনতে আসা কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সার সরবরাহের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে কৃষকদের সুবিধা বাড়ানো ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উত্তরাঞ্চলে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান তিনি। এ অঞ্চলের কৃষকেরা সেখানে উৎপাদিত কৃষিপণ্য সরাসরি বিদেশে রপ্তানির সুযোগ পাবেন বলে উল্লেখ করেন কৃষি সচিব।

এ ছাড়া কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা কী ধরনের সুবিধা ও সেবা পাবেন, তা নিয়েও তাঁদের বিস্তারিত জানান তিনি।





কমেন্ট বক্স