দেশ গৃহযুদ্ধের দিকে গেলে এর দায় নিতে হবে বিএনপি ও আওয়ামী লীগকে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জে এবি যুব পার্টির তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য দমনে ব্যর্থ হলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে।
মঞ্জু আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের পাশাপাশি পালিয়ে থাকা নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনাও উদ্বেগজনক; এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।
জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অব্যাহত রাখতে হবে। তবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নই হতে হবে এই ঐক্যের মূল ভিত্তি।
এবি পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ শেষে সুজন আহমেদকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ জেলা এবি যুব পার্টির কমিটি ঘোষণা করা হয়।