ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন দেড় হাজার পর্যটক

অনলাইন ডেস্ক
১৩ মিনিট আগে
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন দেড় হাজার পর্যটক
বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। নির্ধারিত সময়ে ফিরতে না পেরে বাড়তি হোটেলভাড়া ও খাবারের খরচ গুনতে হচ্ছে তাঁদের। পাশাপাশি আগে থেকে বুকিং দেওয়া বাস ও অন্যান্য পরিবহনের টিকিট নিয়েও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেকে।

ঢাকার বনশ্রী থেকে ১২ বন্ধুকে নিয়ে দুই দিনের ভ্রমণে সেন্টমার্টিনে এসেছিলেন শরিফুল হোসাইন। বুধবার ও বৃহস্পতিবার দ্বীপে ঘোরাঘুরি শেষে শুক্রবার তাঁদের কক্সবাজারে ফেরার কথা ছিল। কিন্তু জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপেই আটকে পড়েছেন তাঁরা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত পর্যটক নির্ধারিত সময়ে ফিরতে না পেরে বিপাকে পড়েছেন। বাড়তি অবস্থানের কারণে আবাসন ও খাবারের খরচ বেড়েছে। অন্যদিকে আগে থেকে বুকিং দেওয়া পরিবহনের টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আটকে পড়া এক পর্যটক জানান, ব্যক্তিগত ও জরুরি প্রয়োজনে অনেকেরই নির্ধারিত সময়ে ফেরার প্রয়োজন ছিল। কিন্তু জাহাজ চলাচল বন্ধ থাকায় তাঁরা দ্বীপ ছাড়তে পারছেন না। এতে পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

জাহাজ মালিক সমিতির তথ্য অনুযায়ী, সবশেষ বুধবার চারটি জাহাজে করে ১ হাজার ২০০ পর্যটক সেন্টমার্টিনে যান। এর আগে থেকেই দ্বীপে অবস্থান করছিলেন আরও তিন শতাধিক পর্যটক। সব মিলিয়ে প্রায় দেড় হাজার পর্যটক সেখানে আটকা পড়েছেন।

এদিকে আটকে পড়া পর্যটকদের ভোগান্তি কমাতে এগিয়ে এসেছেন স্থানীয় হোটেল ও ব্যবসায়ীরা। আবাসন ভাড়ায় ছাড় দেওয়ার পাশাপাশি খাবারের বিলেও সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

স্থানীয় এক হোটেল ব্যবসায়ী জানান, দ্বীপের বিভিন্ন হোটেল ও কটেজে এক হাজার থেকে দেড় হাজার পর্যটক অবস্থান করছেন। তাঁদের থাকা-খাওয়ার ক্ষেত্রে বড় ধরনের অসুবিধা হচ্ছে না বলে তাঁর ধারণা।

আরেক হোটেল ব্যবসায়ী বলেন, হোটেলে ২৪ ঘণ্টা জেনারেটর চালাতে জ্বালানি খরচ হলেও আটকে পড়া পর্যটকদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।

প্রশাসন জানিয়েছে, সাগরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল শুরু হচ্ছে না। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আবারও এই নৌপথে জাহাজ চলাচল শুরু হবে।





কমেন্ট বক্স