ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
৪২ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: বাণিজ্যমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দলটির এখন আর রাজনৈতিক কর্মকাণ্ড নেই, তাদের চর্চা শুধু সন্ত্রাস। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে আওয়ামী লীগ নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৭-১৮ বছর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। নিজেদের পছন্দের লোকদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ তৈরি করেছে। দীর্ঘদিনের অপশাসন ও নির্যাতনে মানুষ তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করেছে।

তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বিপুল অর্থ ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। এখন বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি ১৭-১৮ বছর বিরোধী দলে থেকেও পুলিশি নির্যাতন, গুম, খুন ও অসংখ্য মামলার মুখে রাজপথ ছাড়েনি। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। কিন্তু বিএনপি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের পথ থেকে সরে যায়নি। অথচ আওয়ামী লীগের কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই, আছে শুধু সন্ত্রাস।

সমাবেশে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বিএনপি নেতাকর্মীদের পাড়া-মহল্লা, গ্রাম ও ইউনিয়নে সতর্ক থাকার আহ্বান জানান। জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, সন্ত্রাসীরা রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে নেতাকর্মীদের সচেতন ও সতর্ক থাকতে হবে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

মিছিল ও সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।





কমেন্ট বক্স