বিশ্বাসের ওপর ভরসা করে দোকানের দায়িত্ব দিয়ে দেশে ছুটিতে এসেছিলেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রবাসী মনির হোসেন। ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে দেখেন দোকান তালাবদ্ধ, ভেতরে কোনো মালামাল নেই এবং কর্মীও উধাও। লন্ড্রির সরঞ্জাম হারানোর পাশাপাশি গ্রাহকদের কাপড়ের ক্ষতিপূরণ দিতে গিয়ে এখন দিশেহারা তিনি। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতির মুখে পড়ে অভিযুক্ত কর্মী মো. রবিন আহমেদ বাবুকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী এই প্রবাসী।
মনির হোসেন জানান, অভিযুক্ত রবিন আহমেদ বাবুর বাড়ি কুমিল্লার গৌরীপুরে। তার স্ত্রীর নাম মারুফা বেগম এবং বড় ছেলের নাম মো. আরাফাত হোসেন—এতটুকু তথ্যই তার জানা আছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওমানে একটি লন্ড্রি দোকান পরিচালনা করছিলেন কমলনগরের মনির হোসেন। শারীরিক অসুস্থতা ও পারিবারিক প্রয়োজনে গত ১৬ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন। দোকান চালু রাখতে দুই মাসের জন্য নির্ধারিত বেতন চুক্তিতে রবিনকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আসেন। দেশে থাকাকালে নিয়মিত রবিনের সঙ্গে যোগাযোগও রাখতেন মনির। ছুটি শেষে গত ১৪ নভেম্বর ওমানে ফিরে দেখেন দোকান তালাবদ্ধ। রবিনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও নম্বরটি বন্ধ পান। বিভিন্নভাবে খোঁজ নিয়েও সন্ধান না পেয়ে দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকেন মনির। সেখানে গিয়ে দেখেন, লন্ড্রির মেশিনপত্র, নিজের দামি পোশাক ও গ্রাহকদের কাপড় নিয়ে পালিয়ে গেছেন রবিন।
ক্ষতিগ্রস্ত প্রবাসী মনির হোসেন আরও বলেন, ‘ওমানের স্থানীয় নাগরিকসহ অনেক বাংলাদেশি প্রবাসী নিয়মিত আমার দোকানে কাপড় লন্ড্রি করতে দিতেন। রবিন সব মালামাল ও কাপড় নিয়ে পালিয়ে যাওয়ায় এখন গ্রাহকদের কাপড়ের জরিমানা দিতে হচ্ছে। আয় ও সরঞ্জাম মিলিয়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
তিনি আরও দাবি করেন, ওমানের স্থানীয় একটি ব্যাংকের শাখায় যোগাযোগ করে জানতে পেরেছেন, চলতি মাসের ১০ তারিখে ওমান থেকে কুমিল্লার গৌরীপুরের পূবালী ব্যাংকে রবিনের স্ত্রীর ব্যাংক হিসাবে ৮ লাখ টাকা পাঠিয়েছেন রবিন।
নিজের অসহায়ত্ব তুলে ধরে রবিন বাবুকে খুঁজে পেতে প্রবাসী ও দেশবাসীর সহযোগিতা চেয়েছেন মনির হোসেন। পাশাপাশি প্রবাসীদের সতর্ক করে তিনি বলেন, ‘বিশ্বাসের ওপর ভরসা করে রবিনকে ব্যবসার দায়িত্ব দিয়ে আজ নিঃস্ব হওয়ার পথে। প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ—দোকান বা ব্যবসার দায়িত্ব দেওয়ার আগে যাচাই-বাছাই ও লিখিত চুক্তি করবেন, সাবধান থাকবেন।’