ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি গোষ্ঠী। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদাহ।
সৌদি নেতৃত্বাধীন জোট অভিযানটিকে বিশেষ অভিযান হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, হুদাইদাহ বন্দরে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম চোরাচালানে ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া রাজধানী সানা, সা'দা ও তাইজ প্রদেশেও বিমান হামলা চালানো হয়।
হামলার আগে হুতি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়ে বলেছিল, হুদাইদাহ বন্দরে হামলা হলে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে পাল্টা আঘাত হানা হবে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় জেদ্দা বন্দরও ছিল। একই সঙ্গে সৌদি আকাশসীমাকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল গোষ্ঠীটি।
এ ছাড়া সৌদি রাজধানী রিয়াদের আর্থিক এলাকা এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকিও দিয়েছিল হুতিরা।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হুদাইদাহ বন্দরে অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাচারের কাজে ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তিনি আরও জানান, রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে জোট।
অন্য এক পোস্টে আল-মালকি দাবি করেন, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে বলেও জানান তিনি।
এদিকে বিমান হামলার পর ইয়েমেনের মোখা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের ছবি প্রকাশ করেছে হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ।