ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ৮০ শতাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, আশুলিয়ায় ৫০টিতে ছুটি

অনলাইন ডেস্ক
১১ ঘন্টা আগে
গাজীপুরে ৮০ শতাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, আশুলিয়ায় ৫০টিতে ছুটি
মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গাজীপুরের প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। গাজীপুর মহানগর ও জেলার কোথাও আজ শনিবার নতুন করে কর্মবিরতি বা আন্দোলনের খবর পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে মহানগর ও জেলার কোথাও নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে সাভার ও আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতির কারণে অন্তত ৫০টি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
 
এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আজ শনিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে শ্রমিকদের কর্মবিরতির মুখে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অন্তত ৫০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর

গাজীপুর শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন আপাতত শান্ত। সকাল থেকে গাজীপুর মহানগর ও জেলার কোথাও মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকরা সকাল থেকে কারখানায় প্রবেশ করছেন।
 
চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী সড়কের বেশিরভাগ কারখানা খোলা।

শ্রমিকরা জানান, ‘বেতন বাড়ানোর দাবির সঙ্গে আমরা একমত। কিন্তু কারখানায় এসে কাজ না করে বাড়ি ফিরে যেতে খারাপ লাগে। '

আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে—এমন প্রত্যাশা থেকে পোশাকশ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন বলে মনে করেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন।
 
তারা আরও বলেন, 'শ্রমিকরা মনে করছেন মজুরি বোর্ড তাদের বেতন বাড়ানোর নিশ্চয়তা দিচ্ছে। এ কারণে তারা কাজে ফিরছেন। তবে মালিকপক্ষ এখনো বেতন বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট কোনো বাস্তবসম্মত প্রস্তাব দেয়নি। বিষয়টি দুঃখজনক। '

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘আজ সকাল পর্যন্ত গাজীপুর মহানগর ও জেলার কোথাও মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। ’

তিনি আরও বলেন, 'শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আজ গাজীপুরের প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে।

সাভার-আশুলিয়া

শিল্পপুলিশ, শ্রমিক, শ্রমিকনেতা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ এ এলাকার অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কারখানায় গিয়ে উৎপাদন কার্যক্রমে যোগ দেন। তবে সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অবস্থিত একটি কারখানায় শ্রমিকরা প্রবেশ করলেও কাজ না করে কারখানার নিচে অবস্থান নেন। পরে কর্তৃপক্ষ কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা দেয়।

আরও কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করলে সেসব কারখানাও আজকের জন্য ছুটি ঘোষণা করে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, 'আশুলিয়ায় বেশ কয়েকটি পোশাক কারখানা সকাল ৭টায় কারখানা চালু হয়। পরে শ্রমিকরা কারখানায় ঢুকে কাজ না করে বসে থাকেন। মালিকরা শ্রমিকদের দিয়ে দুয়েক ঘণ্টা কাজ বেশি করিয়ে নেওয়ার চিন্তা করেছিলেন। কর্মবিরতির মুখে ওই এলাকার অধিকাংশ কারখানা ছুটি দেওয়া হয়। '





কমেন্ট বক্স