ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে কিরাত ও ইসলামি সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জেলা প্রতিনিধি
১৩ ঘন্টা আগে
বান্দরবানে কিরাত ও ইসলামি সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে বান্দরবানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামি সংগীত, কিরাত ও আজান প্রতিযোগিতার আয়োজন করেছে বান্দরবান ইসলামি পাঠাগার। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বান্দরবান ইসলামি পাঠাগার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি নাছিরুল আলম, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আউয়াল এবং মাদরাসা শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক খোরশেদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবুল কালাম।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলি চর্চায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহ জোগাবে।’

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ‘নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও ইসলামি সংস্কৃতির চর্চায় উদ্বুদ্ধ করতে বান্দরবান ইসলামি পাঠাগারের এ উদ্যোগ অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা করছি।’

অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। এ সময় বান্দরবানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






কমেন্ট বক্স