মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করার পর তাঁকে ‘খুনি’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, পুতিনকে ট্রাম্প কী নামে ডাকবেন, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। তবে ইউক্রেনের কাছে পুতিন একজন শত্রু ও হত্যাকারী।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। তিনি বলেন, পুতিনকে কী নামে অভিহিত করবেন, তা মার্কিন প্রেসিডেন্টের ওপর নির্ভর করে। কিন্তু আমাদের জন্য তিনি একজন শত্রু। তিনি একজন হত্যাকারী।
এর আগে বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প রুশ প্রেসিডেন্টকে নিজের বন্ধু হিসেবে উল্লেখ করেন। দুই নেতার মধ্যে বহু বছর ধরে চমৎকার সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, মধ্যাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরে জেলেনস্কির নিজ শহরে রাতভর হামলায় এক বালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫২ জন।
শুক্রবার রাজধানী কিয়েভের সেতু এবং পশ্চিম ইউক্রেনের একটি রেলস্টেশন লক্ষ্য করেও হামলা চালায় রুশ বাহিনী। এসব হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, রাশিয়া এ হামলায় ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মোট ১১০টি ক্ষেপণাস্ত্র এবং ৪০০টির বেশি ড্রোন ব্যবহার করেছে। হামলাটিকে চলতি বছরের সবচেয়ে বড় রুশ আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
ইউক্রেনের পক্ষ থেকে ক্রিমিয়ান সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার কয়েক দিন পরই রাশিয়ার এই ব্যাপক হামলার ঘটনা ঘটল।