ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সামনে পরাজয় ছাড়া আর কোনো পথ নেই: আইআরজিসি

অনলাইন ডেস্ক
৬ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের সামনে পরাজয় ছাড়া আর কোনো পথ নেই: আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি বলেছেন, শত্রুপক্ষের সামনে পরাজয় স্বীকার করা ছাড়া আর কোনো পথ নেই। অন্যদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ ও প্রভাব উন্মুক্ত সমুদ্রের গভীর জলসীমা পর্যন্ত বিস্তৃত হয়েছে।

আইআরজিসির প্রধান শুক্রবার (২০ নভেম্বর) এক বক্তব্যে বর্তমান সময়ের সংগ্রামের প্রকৃতি তুলে ধরে বলেন, ইরানের জনগণ ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বিশ্ব আধিপত্যবাদী শক্তির মুখোমুখি হয়েছে। সত্য ও মিথ্যার মধ্যকার লড়াই এখন আগের যেকোনো সময়ের তুলনায় বিশ্ববাসীর সামনে আরও স্পষ্টভাবে দৃশ্যমান।

তিনি বলেন, আজ ইরানের সমাজ ও জনগণ বিশ্ববাসীর চোখের সামনে এক মহান ও পবিত্র জিহাদে অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহর প্রতিশ্রুতি এবং আমাদের শহীদ ইমামের দেওয়া সুসংবাদ অনুযায়ী, ইসলামি বিপ্লবের মুজাহিদরাই এই বিজয়ের শিখর জয় করবেন।

এ পর্যন্ত সংঘটিত ঘটনাবলির উল্লেখ করে জেনারেল ওয়াহিদি বলেন, আমরা যুদ্ধের একটি বড় অংশ পেছনে ফেলে এসেছি, তবে সামনে আরও বড় একটি অংশ বাকি রয়েছে। এ পর্যন্ত অর্জিত সাফল্যের ফলে শত্রুশিবিরে পরাজয়বোধ, হতাশা, নিরাশা, বিশৃঙ্খলা ও দিশাহীনতা তৈরি হয়েছে।

তিনি বলেন, মার্কিন সেনা ও সামরিক কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিত যেসব প্রতিবেদন পাওয়া যাচ্ছে, সেগুলো তাদের মধ্যে বিরাজমান সংকটজনক পরিস্থিতিরই ইঙ্গিত দেয়। আজ আমরা শত্রুশিবিরে হতাশা ও নিরাশা দেখতে পাচ্ছি। বিপরীতে, সত্যের পক্ষে থাকা শিবিরে বিরাজ করছে উদ্দীপনা, প্রাণচাঞ্চল্য, বীরত্ব ও জীবনের স্পন্দন।

আইআরজিসির প্রধান আরও বলেন, শত্রুপক্ষ অত্যন্ত অহংকার ও ঔদ্ধত্য নিয়ে এই সংঘাতে নেমেছিল। তাদের ভ্রান্ত ধারণা ছিল, কয়েক দিনের মধ্যেই ইরান সমস্যার সমাধান করে ফেলতে পারবে। পারস্য উপসাগরীয় কয়েকটি দেশকে তারা বলেছিল, ৭২ ঘণ্টার মধ্যে নিজেদের মূল্যায়ন জানাবে। ৭২ ঘণ্টা পর তারা বলেছিল, আরও দুই সপ্তাহের বেশি লাগবে না; দুই সপ্তাহের মধ্যেই ইরানের ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবে! কিন্তু আজ বুদ্ধিজীবী ও গণমাধ্যমকর্মীরা বলছেন, তারা ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সরকার পরিবর্তন করতে চেয়েছিল, অথচ শেষ পর্যন্ত নিজেরাই পরিবর্তিত হয়েছে এবং নিজেরাই আঘাতের শিকার হয়েছে।

জেনারেল ওয়াহিদি বলেন, শত্রুপক্ষ সামরিক পরাজয়ের পাশাপাশি আদর্শিক ও রাজনৈতিক পরাজয়েরও মুখোমুখি হয়েছে। অন্যদের কাছে বারবার সহায়তা চেয়ে তাদের আকুতি-মিনতি করতে হয়েছে—এ বাস্তবতাই তাদের পরাজয়ের গভীরতা তুলে ধরে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকার তাদের সর্বশক্তি নিয়ে এই সংঘাতে অংশ নিয়েছিল। কিন্তু ইউরোপ, আঞ্চলিক দেশগুলো এবং অন্যান্য মিত্রের কাছে বারবার সহায়তা চেয়েও তারা শক্তিশালী অবস্থানে থাকতে পারেনি।

ইরানের নৌবাহিনীর অভিযান পরিচালনার সক্ষমতা প্রসঙ্গে আইআরজিসি প্রধান বলেন, আঞ্চলিক জলসীমায় ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের পরিধি আরও বিস্তৃত হয়েছে।

তিনি বলেন, ইরানের নৌবাহিনীর যোদ্ধাদের সামরিক সক্ষমতা এখন আর শুধু পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে সীমাবদ্ধ নেই। তাদের নিয়ন্ত্রণ ও প্রভাব ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আরও অনেক দূর, উন্মুক্ত সমুদ্রের গভীর জলসীমা পর্যন্ত বিস্তৃত হয়েছে।

জেনারেল ওয়াহিদি আরও বলেন, শত্রুপক্ষের ৫০০ থেকে ৬০০ কিলোমিটার দূরত্বের সীমা অতিক্রম করার সাহস না পাওয়ার পেছনে সরাসরি কারণ হলো ইরানের নৌবাহিনীর যোদ্ধাদের শক্তি ও সামরিক সক্ষমতা।

বক্তব্যের শেষ পর্যায়ে আইআরজিসির প্রধান জোর দিয়ে বলেন, শত্রুপক্ষকে বুঝতে হবে, পরাজয় স্বীকার করে এই অঞ্চল ছেড়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। ইরানের জনগণ তাদের ধাওয়া করবে, যতক্ষণ না শহীদ ইমাম, মিনাবের শহীদ শিশু এবং আমাদের সব প্রিয় শহীদের পবিত্র রক্তের প্রতিশোধ নেওয়া হয়।





কমেন্ট বক্স