সরকারের অগ্রাধিকারমূলক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বা শুমারি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীরা সরাসরি নাগরিকদের বাড়ি, ফ্ল্যাট কিংবা বাসস্থানে গিয়ে পরিবারের বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করছেন। সুষ্ঠুভাবে তথ্য প্রদানের স্বার্থে প্রয়োজনীয় কাগজপত্র আগেভাগেই প্রস্তুত রাখার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের শীর্ষে থাকা এই কর্মসূচিটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত অক্টোবর মাস থেকে সারা দেশে পরিচালিত হচ্ছে। প্রতিটি পরিবারকে এই ডাটাবেজের আওতায় আনতেই এ উদ্যোগ।
তথ্য সংগ্রহকারীদের জন্য যা প্রস্তুত রাখবেন
তথ্য সংগ্রহকারীরা যেকোনো সময় বাসায় আসতে পারেন-এমনটা জানিয়ে নাগরিকদের বেশ কিছু নথি ও তথ্য হাতের নাগালে রাখতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে:
পরিচয়পত্র
পরিবারের যে নারী সদস্যের নামে কার্ডটি ইস্যু করা হবে, তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি। পাশাপাশি পরিবারের অন্য প্রাপ্তবয়স্ক সদস্যদের এনআইডি এবং ১৮ বছরের কম বয়সী বা যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ।
আর্থিক ও ব্যক্তিগত তথ্য
কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট নম্বর, পরিবারের সদস্য সংখ্যা এবং আয়-ব্যয় ও সম্পদের সঠিক বিবরণ।
ছবি ও স্বাক্ষর
আবেদনকারী নারীর ছবি, বসতবাড়ির ছবি এবং নির্ধারিত ফরমে স্বাক্ষর বা টিপসই দেওয়ার প্রস্তুতি।
অর্থ লেনদেনে সতর্কতা ও সামাজিক সহযোগিতার আহ্বান
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে কোনো প্রতারক চক্র বা ব্যক্তি অর্থ দাবি করলে কোনোভাবেই লেনদেন না করার জন্য জনগণকে পরামর্শ দেওয়া হয়েছে।
কোনো পরিবার যেন এই শুমারি থেকে বাদ না পড়ে, সেজন্য সঠিক তথ্য দিয়ে মাঠকর্মীদের সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে কর্মসূচিটি সফল করতে মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইমাম-খতিব এবং সুশীল সমাজের নেতাদের জনসচেতনতা তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে অধিদপ্তর।