ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
৪ ঘন্টা আগে
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং বিশ্ববাজারে প্রবেশের প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকা নির্ভর করে পণ্যের গুণগত মানোন্নয়ন ও কার্যকর বিপণন কৌশলের ওপর। এ ক্ষেত্রে জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, দেশে-বিদেশে বাজার সম্প্রসারণ এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আগামীকাল ২২ নভেম্বর থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’ উপলক্ষে আজ শনিবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন করেছে জেনে তিনি আনন্দিত। এ উপলক্ষে তিনি মেলার আয়োজক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সব অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা জানান। 

তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প অগ্রণী ভূমিকা পালন করে। দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। সরকার এ খাতের বিকাশে যথাযথ বাজেট বরাদ্দ, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ মেলা আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশের প্রতিবন্ধকতা দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে।

মেলায় নারী, নগর ও গ্রামীণ উদ্যোক্তাদের সম্মিলিত অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের আয়োজন নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

এর মধ্য দিয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করে রাষ্ট্রপতি ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’-এর সার্বিক সফলতা কামনা করেন।





কমেন্ট বক্স