দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলছে সরকার। এ লক্ষ্যে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারিতে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের নিরাপত্তাব্যবস্থা প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সেনা, নৌ ও বিমানবাহিনীর সক্ষমতা সমন্বিত করতে সরকার নতুন ‘প্ল্যানিং গাইডেন্স’ প্রণয়ন করেছে।
তিনি বলেন, স্থলভাগের পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করাও জরুরি। এ জন্য সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও শক্তিশালীকরণে নেওয়া কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।
সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতিসহ বর্তমান ও সাবেক সামরিক সদস্যদের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।
সশস্ত্র বাহিনীর শক্তি ও সফলতার জন্য ‘চেইন অব কমান্ড’, সততা, দক্ষতা, শৃঙ্খলা এবং জনগণের আস্থার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যের শুরুতে প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করেন তারেক রহমান। তিনি বলেন, খালেদা জিয়া এই সেনানিবাসে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা হিসেবে বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। তবে ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানই ছিল তার জীবনের শেষ এ ধরনের আয়োজন।
মায়ের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং সবার কাছে দোয়া চান।