বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় টানা তিন দিন কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকার পর অবশেষে বিকল্প ব্যবস্থায় মূল ভূখণ্ডে ফিরতে শুরু করেছেন আটকে পড়া পর্যটকেরা। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২০টি ট্রলারে করে অন্তত ১ হাজার ৩০০ পর্যটক সেন্টমার্টিন ছেড়ে টেকনাফে পৌঁছেছেন।
ফিরে আসা পর্যটকদের মধ্যে শিক্ষাসফরে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৫ জন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ৩১ জন শিক্ষার্থীও রয়েছেন।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় গত বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। শুক্রবারও জাহাজ চলেনি। আজ নিয়মিত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক সেখানে আটকা পড়েন।
জানতে চাইলে টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে অনেক পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। তাদের কারও কারও আর্থিক সংকট দেখা দিয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে সকাল থেকে ট্রলারে করে পর্যটকদের ফিরিয়ে নেওয়া হচ্ছে।
দ্বীপের জেটিঘাটে পরিবারের সদস্যদের নিয়ে অপেক্ষা করছিলেন রাজশাহী থেকে আসা পর্যটক খলিলুর রহমান। তিনি বলেন, পরিবারের নয় সদস্যকে নিয়ে আনন্দ ভ্রমণে সেন্টমার্টিনে এসেছিলেন। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপে আটকা পড়েছেন। ভ্রমণের জন্য সঙ্গে আনা টাকাও শেষ হয়ে গেছে। তাই যেকোনো উপায়ে দ্বীপ ছাড়তে চান।
সেন্টমার্টিন হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি এমএ রহিম জিহাদি বলেন, দ্বীপে এসে অনেক পর্যটক আটকা পড়েছেন। জরুরি হওয়ায় শনিবার সকাল থেকে তাদের অনেকে ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। এরই মধ্যে ২০টি ট্রলার দ্বীপ ছেড়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, আটকে পড়া পর্যটকদের মধ্যে যারা ফিরতে চান, তারা ট্রলারে করে টেকনাফে চলে যাচ্ছেন। সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারে উঠে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছাবেন। যারা দ্বীপে থাকতে চান, তারা সেখানে অবস্থান করছেন। কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে অবশিষ্ট পর্যটকেরা জাহাজে করে কক্সবাজার ফিরতে পারবেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুলী বলেন, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে বিশেষ জরুরি প্রয়োজন ও আর্থিক সংকটে থাকা কিছু পর্যটক সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরছেন। দ্বীপে অবস্থানরত পর্যটকদের খোঁজখবর রাখা হচ্ছে।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীকাল থেকে জাহাজ চলাচল শুরু হতে বলে জানিয়েছেন জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। তিনি বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় জাহাজ চলাচল শুরু করা যায়নি। ১৯, ২০ ও ২১ নভেম্বরের টিকিট কাটা পর্যটকেরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত একই টিকিট ব্যবহার করে ভ্রমণের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ভ্রমণ সম্ভব না হলে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।