ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ মাসে ২২১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ বিজিবির

জেলা প্রতিনিধি
২ ঘন্টা আগে
১০ মাসে ২২১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ বিজিবির
সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়ন। চলতি বছরের প্রথম ১০ মাসে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। এ সময় চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। এই বিস্তীর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে রিজিয়নের আওতাধীন ইউনিটসমূহ সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের অধীনস্থ ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা চলতি বছরের প্রথম ১০ মাসে অর্থাৎ গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হয়েছেন। এ সময়ে মাদকসহ অন্যান্য চোরাচালানের সঙ্গে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি।

আটককৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা, ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল, ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।

এছাড়াও পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় পূজামণ্ডপসমূহে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজিবি এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ পুশইন প্রতিরোধে সীমান্ত নজরদারি ও টহল জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতা এবং স্থানীয় জনগণের সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম চালানো অব্যাহত রয়েছে। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বিজিবি মহাপরিচালকের এই ভিশন বাস্তবায়নে রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধের পাশাপাশি জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা রোধ এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধেও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, জনস্বার্থ এবং সীমান্ত এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিজিবির রংপুর রিজিয়ন সর্বদা সচেষ্ট রয়েছে।

আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাংবাদিকবৃন্দের বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনসচেতনতা সৃষ্টি এবং সঠিক তথ্য প্রচার সীমান্ত নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে’—এই প্রত্যয়ে সীমান্ত অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সীমান্ত গড়ে তুলতে বিজিবি রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।





কমেন্ট বক্স