ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ফিরছে স্বস্তি, ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
গোপালগঞ্জে ফিরছে স্বস্তি, ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে কয়েক দিনের বিক্ষোভ ও সহিংসতার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় নতুন করে ২৬ প্লাটুনসহ মোট ৫৫ প্লাটুন বিজিবি এবং সাত প্লাটুন বাড়িয়ে মোট ১৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মিডিয়া সেলের উপ-মহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকায় মানুষের চলাচল বাড়তে দেখা গেছে। ভোরে মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক কাজে ফিরতে শুরু করেন বাসিন্দারা। সড়কে রিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচল করেছে। খুলেছে দোকানপাট, বেড়েছে ক্রেতাদের ভিড়। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও শনিবার ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা আগামীকাল ২২ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। অংশগ্রহণকারীদের দাবি, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনা থেকে নয়, নিজস্ব আগ্রহ ও ভালোবাসা থেকেই তারা এ উদ্যোগে অংশ নিয়েছেন।

‘আন্দোলনকে বেগবান করতে’ জেলা শহর ও কাশিয়ানীতে মাইকিং করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাইকিং করে আট দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে নেতাকর্মী ও সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ করা হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকেও মাইকিং করা হয়। এতে আগামীকাল রবিবার উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের উপস্থিত থাকার কথা জানানো হয়।

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি জানতে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।





কমেন্ট বক্স