ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক দলের আহ্বায়ক হলেন আমান, আর সদস্যসচিব শিমুল বিশ্বাস

অনলাইন ডেস্ক
৫৪ মিনিট আগে
শ্রমিক দলের আহ্বায়ক হলেন আমান, আর সদস্যসচিব শিমুল বিশ্বাস
বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমানকে এ কমিটির আহ্বায়ক ও অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্যসচিব করা হয়েছে। 

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় পূর্বের  কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন এ আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন। এতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

শ্রমিক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে কাউন্সিল সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে নতুন কমিটিকে। সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও ৪৯ জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম, রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।

সভায় গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমজীবী মানুষের সমস্যা নিয়েও আলোচনা হয়। তাদের মজুরি বৃদ্ধি ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ে সমর্থন ও সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শ্রমিক আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার সিদ্ধান্ত হয়।





কমেন্ট বক্স