মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ অবসানের জন্য একটি চুক্তিতে পৌঁছাতে চায়, তবে তারা এখনো এমন কোনো শর্ত প্রস্তাব করেনি যা গ্রহণযোগ্য হতে পারে। শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, “তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু তারা এমন কোনো চুক্তি করতে চায় না যা আমার কাছে গ্রহণযোগ্য।”
তিনি আরো বলেন, “আমরা একটি প্রকৃত চুক্তি চাই, কোনো ভুয়া চুক্তি নয়।”
এ সময় তিনি বরাবরের মতোই দাবি করেন, ইরান কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করছে।
ইতিমধ্যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একটি ইরানি সংবাদপত্রের কাছে জানিয়েছেন, আলোচনার ক্ষেত্রে তেহরানের ‘রেড লাইন’ বা অতিক্রান্ত না করার মতো সীমার মধ্যে অন্যতম হলো—সমৃদ্ধ ইউরেনিয়াম যেন দেশের বাইরে না যায়। তবে তিনি বিশ্বাস করেন যে, একটি ‘ন্যায্য সমাধান’ অর্জন করা সম্ভব।
আরাঘচি আরো জানান, ইরান এমন একটি চুক্তি চায় যা ‘ভবিষ্যতে আর কোনো যুদ্ধ হবে না’ তা নিশ্চিত করবে। কূটনীতির মাধ্যমে এমন একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে ইরান এখনো আশা রাখে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে আন্তরিক—তা নিয়ে ইরান নিশ্চয়তা চায়; আর এ বিষয়ে আরো অগ্রসর হওয়ার আগে তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে আস্থা তৈরির পদক্ষেপগুলোর ধরন ও প্রকৃতি নিয়ে আলোচনা করেছে।