ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদীদের নৈরাজ্য মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
১৩ ঘন্টা আগে
ফ্যাসিবাদীদের নৈরাজ্য মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদীদের নৈরাজ্য মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

দেশে ফ্যাসিবাদী শক্তির চলমান নাশকতা ও নৈরাজ্য মোকাবেলায় ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন তিনি। খুব শিগগির শুরু হতে পারে এই সংলাপ। সরকারের দায়িত্বশীল একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের লক্ষ্যে আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন দলের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় বা সংলাপের প্রক্রিয়া চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ হতে পারে বলে জানা গেছে।

তবে সংলাপে কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু কী তা এখনো চূড়ান্ত হয়নি বলে সরকার ও বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমানে দেশের বাইরে রয়েছেন।

কয়েক দিনের মধ্যে দেশে ফিরতে পারেন তারা। এর পরই সংলাপ শুরু হবে।

জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গত ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে গেছেন। আজ রোববার সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

আর গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে যাওয়া বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সেখান থেকে মালয়েশিয়া যাবেন। তার দেশে ফেরার কথা ২৬ নভেম্বর।

তবে বিরোধী দলের এই দুই শীর্ষ নেতা ফেরার আগেই সংলাপ শুরু হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতিমধ্যে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সংলাপ আয়োজনের কার্যক্রম শুরু করেছে। সোমবার (২৩ নভেম্বর) এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে।

জানা গেছে, সংলাপ আয়োজনের বিষয়টি তত্ত্বাবধান করছে প্রধানমন্ত্রীর দপ্তর। সংশ্লিষ্ট কেউ বিষয়টি নিয়ে এখনই গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে বিএনপি নেতারা জানান, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত তারা সংলাপ অনুষ্ঠানের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানেন না। একজন নেতা বলেছেন, সংলাপের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

এ বিষয়ে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, “এনসিপি প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে। তবে সেই ঐক্যের যেন ধারাবাহিকতা থাকে, সেটি আমাদের চাওয়া। ”

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছেন। আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘোষণা ছড়িয়ে পড়ার পর গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে।

এসব ঘটনার মধ্যে রয়েছে চোরাগোপ্তা ককটেল হামলা, যানবাহন ও পুলিশের একাধিক স্থাপনায় হামলা, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা কার্যালয়ে হামলা এবং বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগ।

ধারাবাহিক এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করছে পুলিশ। তবে বিভিন্ন স্থানে হামলা ও নাশকতার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিও আওয়ামী লীগের নেতাকর্মীরাই শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

এসব সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি এই গোষ্ঠীকে প্রতিহত করারও আহ্বান জানান। এ জন্য তিনি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান।

ওই দিন সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথাও বলেন।

পরদিন ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট ১১-দলীয় ঐক্য জরুরি বৈঠক করে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে আনুষ্ঠানিক সাধুবাদ জানায়। জামায়াতে ইসলামী গতকাল বিকেলে ‘১১-দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার’ প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এই সমাবেশে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় ঐক্যের ভিত্তি হবে গণভোটের রায় বাস্তবায়ন।





কমেন্ট বক্স