ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় নিহত ভারতীয় সেনা ও পরিবারের সদস্যরা

অনলাইন ডেস্ক
১১ ঘন্টা আগে
ট্রাকের ধাক্কায় নিহত ভারতীয় সেনা ও পরিবারের সদস্যরা
ভারতের গুজরাটে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী গাড়ির ভয়াবহ সংঘর্ষে সেনা পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়িতে থাকা সবাই।

শনিবার দিবাগত রাতে গুজরাটের কচ্ছ জেলার ভুজ-খাবড়া জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রিঙ্কি নিতিন গোঁসাই (৩৫) ও তার চার মাস বয়সী মেয়ে ভামিকা; সৌরভ সিং নেগি (৩০), তার স্ত্রী সবিতা সৌরভ সিং নেগি (৩০) ও তাদের তিন মাস বয়সী মেয়ে সিভিকা; রাজেশ রাওয়াত (৩৫) ও তার সাত বছর বয়সী মেয়ে রক্ষিতা।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিহতরা উত্তরাখণ্ডের গাড়ওয়াল অঞ্চলের বাসিন্দা। তারা ভুজে কর্মরত সেনা সদস্যদের পরিবারের সদস্য ছিলেন। ‘রান অব কচ্ছ’ ভ্রমণ শেষে তারা ভুজে ফিরছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে তাঁদের যাত্রীবাহী গাড়ির সংঘর্ষ হয়।

কচ্ছ পশ্চিম পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় গাড়িতে থাকা দুই পুরুষ, দুই নারী ও তিন শিশু নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মাত্র তিন ও চার মাস বয়সী দুটি শিশুকন্যাও রয়েছে।

তিনি আরো জানান, সংঘর্ষের অভিঘাতে গাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করতে পুলিশ ও উদ্ধারকর্মীদের কয়েক ঘণ্টা সময় লাগে। দুর্ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার বিকাশ সুন্দাও ঘটনাস্থল ও হাসপাতালে যান।





কমেন্ট বক্স