ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বাড়ির বাইরে একাধিক স্থানে আগুন দেওয়া হলেও তা ঘরের ভেতরে ছড়াতে পারেনি। প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় পরিবারটি।
রবিবার (২২ নভেম্বর) ভোররাত সোয়া ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে খাগড়াছড়ি সদরের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বিকট শব্দ শুনে সাদিক কায়েমের বাবা আবুল কাসেমসহ পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। তারা দেখেন ঘরের চারপাশে আগুন জ্বলছে। আতঙ্কে তারা তাৎক্ষণিক ঘর থেকে বের হতে পারেননি।
প্রতিবেশী মো. হোসেন জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দ শুনে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। পরে আবুল কাসেমের বাড়িতে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে বড় ভাইকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নেভান। এ সময় সেখানে কেরোসিনের গন্ধ পাওয়া যায়। দুর্বৃত্তরা ঘরের প্রধান দরজা এবং সীমানাপ্রাচীরের গেট- এই দুই স্থানে পেট্রোলবোমা ছুড়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
আবুল কাসেমের বড় ভাই মো. তাসিম জানান, রাতে ফোনে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান, তবে তার পৌঁছানোর আগেই প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
সাদিক কায়েমের বাবা আবুল কাসেম বলেন, “রাত সোয়া ৩টার দিকে বিকট আওয়াজ শুনে দেখি ঘরের চারদিকে আগুন। আমরা ভেতর থেকে বের হতে পারিনি, পরে প্রতিবেশীরা এসে আগুন নেভান। দীর্ঘ বছর ধরে এখানে বসবাস করছি, এলাকায় আমার কোনো শত্রু নেই। আমার ছেলে রাজনীতি করে, মূলত সেই কারণেই হয়তো এমন ঘটনা ঘটানো হয়েছে।”
জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
ডাকসুর ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, আজ রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে কেরোসিন ঢেলে সেখানে অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের এ ধরনের বর্বর তাণ্ডব, নাশকতা ও নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অতীতেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও ও সহিংসতা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। তাদের কর্মকাণ্ডের ইতিহাস হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের ইতিহাস। তাদের তাণ্ডব, নাশকতা, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ড সব সীমা অতিক্রম করছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ ও ডাকসু নেতৃবৃন্দের বাসাবাড়ি, স্থাপনা ও আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী চরম ব্যর্থতা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন। সরকারের এ নিষ্ক্রিয়তা ও উদাসীনতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতার আন্দোলনের নেতৃবৃন্দকে লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং তাঁদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরো বাড়বে।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ডাকসুর ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।