ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু, গুরুত্ব পাচ্ছে গঙ্গা চুক্তি

অনলাইন ডেস্ক
১২ ঘন্টা আগে
ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু, গুরুত্ব পাচ্ছে গঙ্গা চুক্তি
বাংলাদেশ ও ভারতের মধ্যকার অভিন্ন নদীর পানিবণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী এই কারিগরি পর্যায়ের বৈঠক শুরু হয়।

বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা। আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। চুক্তির মেয়াদ ফুরানোর ঠিক আগমুহূর্তে অনুষ্ঠিত হওয়ায় এবারের বৈঠকটি দুই দেশের জন্যই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চুক্তির নবায়ন বা মেয়াদ বৃদ্ধির মতো নীতিগত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি এই যৌথ কমিটির আনুষ্ঠানিক এখতিয়ারের বাইরে; এটি মূলত কারিগরি ও পর্যালোচনামূলক বৈঠক।

বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে, ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির জেআরসি সদস্য শরদ চন্দ্র। দুই দিনব্যাপী এই আলোচনা আগামীকাল সোমবার শেষ হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদী থাকলেও এখন পর্যন্ত কেবল গঙ্গা নদীর পানিবণ্টন নিয়েই দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় চুক্তি কার্যকর রয়েছে। তিস্তাসহ বাকি ৫৩টি অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তি এখনো অমীমাংসিত রয়ে গেছে।





কমেন্ট বক্স