ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধকী সম্পত্তি নিলামে জালিয়াতির অভিযোগ, অনুসন্ধানে সিটি ব্যাংকের এমডি

অনলাইন ডেস্ক
৯ ঘন্টা আগে
বন্ধকী সম্পত্তি নিলামে জালিয়াতির অভিযোগ, অনুসন্ধানে সিটি ব্যাংকের এমডি
সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বন্ধক রাখা সম্পত্তি প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক বিষাণ যোষকে অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয়।

পরে ২৭ সেপ্টেম্বর অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করে কমিশন। এ ঘটনায় ভুক্তভোগী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলাও করেছেন।

এদিকে দুদকের অনুসন্ধানের খবর পেয়ে মাসরুর আরেফিন দেশ ছাড়ছেন বলে অভিযোগ উঠেছে। তবে সিটি ব্যাংকের হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা জানিয়েছেন, ২২ নভেম্বর অফিসিয়াল কাজে কায়রো যাচ্ছেন মাসরুর আরেফিন।

৩০ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। এ সফরের অনুমতি নেওয়া হয়েছে এবং দুদকও বিষয়টি জানে বলে দাবি করেন তিনি।

দুদক সূত্রে জানা গেছে, রোববারের আগে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
 
অনুসন্ধান চলাকালে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ বা সম্পদ-সম্পত্তি ক্রোক করা হলে লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে জানাতে বলা হয়েছে। অভিযোগটির অনুসন্ধান দুদক আইন, ২০০৪ এবং দুদক বিধিমালা, ২০০৭ অনুযায়ী সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন মাসরুর আরেফিন।

সম্প্রতি তিনি আরো তিন বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন।

জানতে চাওয়া হলে সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন শীর্ষনিউজ ডটকমকে বলেন, এমন একটি অভিযোগ দুদকে দেওয়া হয়েছে বলে জেনেছি, এখানে আমার কোনো ভুল নেই সেটা দুদক তদন্ত করলেই পাবে।

দেশ ছেড়ে পালাচ্ছে কিনা এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি ব্যাংকের নিয়মিত একটি প্রোগ্রামে কায়রোতে যাচ্ছি, সেখান থেকে ওমরায় যাবো তারপর আগামী ২৯ নভেম্বর দেশে ফিরব।





কমেন্ট বক্স