বাগেরহাট পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার সকালে খুলনা রেলওয়ে বিভাগের কর্মকর্তারা বাগেরহাটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে রেলওয়ের জমিতে থাকা বেশ কয়েকটি দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন দোকানমালিকেরা। তাঁদের দাবি, বৈধ কাগজপত্রের ভিত্তিতেই তাঁরা দীর্ঘদিন ধরে এসব দোকান পরিচালনা করে আসছিলেন। পর্যাপ্ত সময় না দিয়েই দোকান উচ্ছেদ করা হয়েছে। সময় পেলে তাঁরা নিজেদের মালামাল সরিয়ে নিতে পারতেন।
দোকানমালিক তুলি আক্তার অভিযোগ করে বলেন, “আমাদের যথেষ্ট সময় দেওয়া হয়নি। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আমাদের দোকান উচ্ছেদ করা হয়েছে। মালামালও ঠিকমতো সরিয়ে নিতে দেওয়া হয়নি। এতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি এ ঘটনার বিচার চাই।”
এ বিষয়ে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, “নিয়ম মেনেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। রেলওয়ের জমিতে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। আমরা সাত দিন আগে এসে দোকানমালিকদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় দিয়েছিলাম। কিন্তু তাঁরা স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ করা হয়েছে।”
উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে দোকানমালিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।