ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে নমুনা পরীক্ষা ছাড়াই কোটি টাকার কাঁচামাল ধ্বংস

জেলা প্রতিনিধি
৬ ঘন্টা আগে
জামালপুরে নমুনা পরীক্ষা ছাড়াই কোটি টাকার কাঁচামাল ধ্বংস
পরীক্ষাগারে কোনো ধরনের নমুনা পরীক্ষা ছাড়াই কারখানার কাঁচামালকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল আখ্যা দিয়ে দুই লাখ টাকা জরিমানা, ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ উঠেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে।

শুধু তা-ই নয়, অভিযানের ঘটনা নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দেওয়ারও অভিযোগ করেছে ভুক্তভোগী প্রতিষ্ঠান গ্রিন বায়োটেকনোলজি। অভিযুক্ত কর্মকর্তা হলেন অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম। এসব ঘটনা ঘটে জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকায় গ্রিন বায়োটেকনোলজির উৎপাদন কারখানায়।

রবিবার (২২ নভেম্বর) সকালে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক প্রতিকার, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং আদায় করা জরিমানার অর্থ ফেরত ও ধ্বংস করা কাঁচামালের ক্ষতিপূরণ চেয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গত ১৮ নভেম্বর (বুধবার) দুপুরে সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম কারখানাটি পরিদর্শনে যান। সে সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান এবং কারখানার উৎপাদন কার্যক্রম ও সংরক্ষণাগার পরিদর্শনে সহযোগিতা করেন। পরিদর্শনের সময় কারখানায় সংরক্ষিত কিছু কাঁচামাল তাঁর নজরে আসে। প্রতিষ্ঠানটির দাবি, ওই কাঁচামালগুলো কারখানার নিজস্ব মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে পুনঃপরীক্ষার আওতায় ছিল এবং প্রতিটি পাত্রে পুনঃপরীক্ষিত লেবেল লাগানো ছিল; যার মেয়াদ তখনো শেষ হয়নি। বিষয়টি আমলে না নিয়েই সহকারী পরিচালক কোনো ধরনের নমুনা পরীক্ষা বা পরীক্ষাগারভিত্তিক প্রমাণ ছাড়াই কাঁচামালগুলোকে ভেজাল ঘোষণা করেন। পাশাপাশি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া কারখানায় থাকা বিভিন্ন পণ্যের প্রায় ১ কোটি টাকার কাঁচামাল ধ্বংস করেন।

গ্রিন বায়োটেকনোলজির তত্ত্বাবধায়ক (ইনচার্জ) মো. নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমরা তাঁকে কাঁচামালগুলো সরকারি বা অন্য যেকোনো পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তিনি সেই সুযোগ দেননি। আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা পরিশোধে বাধ্য করেন। এমনকি জরিমানার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশও আমাদের দেওয়া হয়নি। কারখানায় থাকা প্রায় ১ কোটি টাকার কাঁচামালও ধ্বংস করা হয়। ওই রায়ের বিরুদ্ধে আদালতে যাওয়া প্রক্রিয়াধীন রয়েছে।”

মো. নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমাদের তৈরি সব পণ্য সরকারের যথাযথ কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর বাজারজাত করা হয়। তিনি আমাদের তৈরি কোনো পণ্যের দিকে নজর দেননি, পরীক্ষা করেননি বা সেসব বিষয় নিয়ে কিছু বলেননি।”

মো. নজরুল ইসলামের দাবি, অভিযানের সময় তাঁকে একটি ফাঁকা ও অসম্পূর্ণ ফরমে স্বাক্ষর করতে বলা হয়। কারখানা সিলগালা, গ্রেপ্তার ও এক বছরের কারাদণ্ডের হুমকি দেওয়া হলে ভয়ে তিনি স্বাক্ষর করতে বাধ্য হন। টাকা তাৎক্ষণিক পরিশোধ না করলে কারখানা বন্ধ করে দেওয়ার ভয়ও দেখানো হয় বলে তিনি অভিযোগ করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই কর্মকর্তা নিজ উদ্যোগে কয়েকজন গণমাধ্যমকর্মীকে কারখানার ভেতরে নিয়ে যান এবং প্রকৃত ঘটনার বিপরীতে গিয়ে সম্পূর্ণ পৃথক আরেকটি প্রতিষ্ঠান ‘বায়োজিন কসমেসিউটিক্যালস’-এর প্রসঙ্গ টেনে গণমাধ্যমে বক্তব্য দেন।

এ বিষয়ে বায়োজিন কসমেসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, “বায়োজিন কসমেসিউটিক্যালস ও গ্রিন বায়োটেকনোলজি সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র দুটি প্রতিষ্ঠান। অথচ পরীক্ষাগারে পরীক্ষা ছাড়াই একটি কারখানার কাঁচামালকে ভেজাল ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের ডেকে বায়োজিনের বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। একটি গোষ্ঠীকে দিয়ে বায়োজিনের বিরুদ্ধে অপপ্রচার চালাতেও তিনি সহায়তা করেছেন।”

সাইফুল ইসলাম জানান, এতে বায়োজিনের ব্যবসায়িক সুনাম, গ্রাহকদের আস্থা, বাণিজ্যিক সম্পর্ক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় বায়োজিনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, মো. শরীফুল ইসলাম ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে জামালপুরে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। এর আগেও জেলার বিভিন্ন এলাকায় অভিযানের সময় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই কেবল চোখের দেখায় জরিমানা, পণ্য ধ্বংস ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে জামালপুর শহরের এক ব্যবসায়ী বলেন, “সম্প্রতি আমার প্রতিষ্ঠানেও অভিযান চালিয়ে তিনি একই আচরণ করেন। আমি পণ্য পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। আমাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার পণ্যের ক্ষতি করেন। নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”

এসব বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, “আমি ওই কারখানায় গিয়ে কাঁচামালগুলো মেয়াদোত্তীর্ণ পেয়েছি। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নেই। আর মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে তৈরি হলে সেটিকে ভেজাল পণ্য বলে। যেহেতু কাঁচামাল মেয়াদোত্তীর্ণ, সেহেতু সেগুলো আর পরীক্ষা করার প্রয়োজন নেই। তারা নিজেদের ল্যাবে পরীক্ষা করে কাঁচামালগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়নি বলে জানিয়েছেন। তবে সরকার নির্ধারিত পরীক্ষাগার ছাড়া কোনো কোম্পানির ব্যক্তিগত পরীক্ষাগারে পরীক্ষা করে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নেই। তাই কাঁচামালগুলোর পরীক্ষা করা হয়নি। তবে আমি কোনো জব্দ তালিকা না করলেও কাঁচামালগুলো ধ্বংস করা হয়েছে। আমি কোনো ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় করিনি। আমি সেখানে কাউকে গ্রেপ্তারের হুমকি দিইনি।”

মো. শরীফুল ইসলাম আরও বলেন, “গ্রিন বায়োটেকনোলজি শুধু বায়োজিন কসমেসিউটিক্যালসের কাছে পণ্য বিক্রি করে। তাই আমার বক্তব্যে গ্রিন বায়োটেকনোলজির পাশাপাশি বায়োজিন কসমেসিউটিক্যালসের বিষয়টি উঠে এসেছে।”





কমেন্ট বক্স