বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. ওলী খান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে মোংলা থানার কাইনমারি এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এসআরবি-৬-এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মো. ওলী খান মোংলা থানার কাইনমারি এলাকার মৃত জব্বার খানের ছেলে।
এসআরবি-৬-এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান জানান, এসআরবি ফোর্সেসের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ওই অভিযান পরিচালনা করে। এ সময় ওলী খানের হেফাজতে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ওলী খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় নিয়মিত মামলা দায়েরের পর উদ্ধার করা মাদকদ্রব্যসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।