ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বর সামনে রেখে সীমান্তে বিজিবির কড়া নজরদারি

অনলাইন ডেস্ক
৫ ঘন্টা আগে
ডিসেম্বর সামনে রেখে সীমান্তে বিজিবির কড়া নজরদারি
ডিসেম্বরকে সামনে রেখে দেশের সীমান্ত নিরাপত্তায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিশেষ নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে অবৈধভাবে কেউ যেন সীমান্ত অতিক্রম করে অন্য দেশে যেতে না পারে, তা নিশ্চিত করতেও কাজ করছে সীমান্তরক্ষী বাহিনীটি।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনকালে এসব কথা জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী।

তিনি বলেন, ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে অবৈধভাবে কেউ যেন অন্য দেশে যেতে না পারে, সেটিও নিশ্চিত করার চেষ্টা চলছে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক। পরে তিনি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।

বিজিবি মহাপরিচালক বলেন, দেশের সব সীমান্ত পাহারা দেওয়া এই বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত বন্ধে কাজ করছে বিজিবি।

তিনি জানান, বিশেষ করে পুশ-ইন ঠেকানো, মাদক পাচার বন্ধ এবং সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সীমান্ত পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার অংশ হিসেবে ফেনী, কুমিল্লা ও আখাউড়া সফরে এসেছেন বলে জানান বিজিবি মহাপরিচালক।

তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তসংক্রান্ত কোনো সন্দেহজনক তথ্য বা ঘটনা জানা থাকলে তা বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





কমেন্ট বক্স