ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় এলপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জেলা প্রতিনিধি
৪ ঘন্টা আগে
লামায় এলপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
বান্দরবানের লামায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে লামা প্রিমিয়ার লিগ (এলপিএল) ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬। রবিবার (২২ নভেম্বর) দুপুরে লামা পৌরসভার টিটি অ্যান্ড ডিসি খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দাউদ অ্যান্ড সন্স টাইটান্স ও আজিজনগর রয়্যালস। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিদিন ২০ ওভারের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উদ্বোধনী আয়োজন উপলক্ষে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় ১৩ ওভারে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে আজিজনগর রয়্যালস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১০.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দাউদ অ্যান্ড সন্স টাইটান্স।

দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক সাইমুন। তিনি ৩২ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। দুর্দান্ত এই ইনিংসের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান মুজিবুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, জেলা বিএনপির সদস্য ও লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু থোয়াইনু অং চৌধুরী, লামা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ করিম এলএলবি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব চৌধুরী মুহাম্মদ সুজন।

অনুষ্ঠানে ধারাভাষ্যকার ও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক নজরুল ইসলাম। এ সময় বিএনপির স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং নতুন ক্রিকেট প্রতিভা বিকাশের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পাশাপাশি যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে খেলার মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। স্থানীয় ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, লামা প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে নতুন করে প্রাণ ফিরে পাবে এলাকার ক্রীড়াঙ্গন এবং উঠে আসবে নতুন ক্রিকেট প্রতিভা।





কমেন্ট বক্স