ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার
কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ কিংবা দেশ থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় তিনি সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন।

সেক্টর কমান্ডার বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি জানান, ময়মনসিংহ সেক্টরের অধীনে ২৪২ দশমিক ৫ কিলোমিটার সীমান্তে তিনটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে।

সীমান্তে নজরদারি বাড়াতে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ৩৩টি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস, ড্রোন ও থার্মাল ড্রোন ব্যবহার করা হচ্ছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় টহলের জন্য বিশেষ যানবাহন ও এটিভি ব্যবহার করা হচ্ছে।

এ ছাড়া সীমান্তের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিএফআই, পুলিশ ও এনএসআইসহ দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়িয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ১১টি ঘটনায় ১৪১ জনকে পুশ-ইন থেকে প্রতিহত করা হয়েছে।

এ ছাড়া চারজন মানব পাচারকারীকে আটক এবং পাচারের শিকার হওয়ার ঝুঁকিতে থাকা ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৭০ জন মাদক চোরাকারবারিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা চেয়ে বিজিবি সেক্টর কমান্ডার বলেন, কোনো সন্দেহভাজন ব্যক্তি বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। দেশের সার্বভৌমত্ব ও মানুষের জানমাল রক্ষায় সীমান্তে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।





কমেন্ট বক্স