ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ৮ মাস পর হামে মৃত্যুশূন্য দিন দেখল দেশ

অনলাইন ডেস্ক
৪ ঘন্টা আগে
দীর্ঘ ৮ মাস পর হামে মৃত্যুশূন্য দিন দেখল দেশ
হামের প্রকোপ শুরু হওয়ার পর দীর্ঘ আট মাসেরও বেশি সময় পেরিয়ে অবশেষে এক স্বস্তির খবর পেল দেশবাসী। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত কিংবা সন্দেহজনক–কোনো ধরনের হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এই সময়ে ১ হাজার ৪১৭ শিশুর হাম শনাক্ত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২২ নভেম্বর সকাল ৮টা থেকে আজ ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।

মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নামলেও সংক্রমণ পুরোপুরি থামেনি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩২১ জন।

নতুন শনাক্ত হওয়া ৯৬ জন নিশ্চিত রোগীর সব কটিই দেশের তিনটি বিভাগে সীমাবদ্ধ ছিল। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ জন শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেট বিভাগে ৩৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ৮ জন নিশ্চিত রোগী পাওয়া গেছে। দেশের বাকি পাঁচ বিভাগ–ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুরে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।

তবে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে দেশের আটটি বিভাগেই। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৭৫ জন, চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৯ জন, বরিশালে ৯৫ জন, খুলনায় ৯৩ জন, ময়মনসিংহে ৭৬ জন, রাজশাহীতে ৩৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিপরীতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ২৩২ জন নিশ্চিত এবং ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এই আট মাসে মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, যার মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন। আর এই সময়ে নিশ্চিত হামে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনসহ মোট ১ হাজার ৩৫২ জনের প্রাণহানি ঘটেছে।





কমেন্ট বক্স