টানা চার ঘন্টার বৈঠকেও চূড়ান্ত করা যায়নি তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি। মালিক পক্ষের প্রতিনিধি মজুরি বোর্ডে যে প্রস্তাব দিয়েছেন সেটি পছন্দ হয়নি শ্রমিক পক্ষের। তবে, মালিক পক্ষ থেকে ন্যূনত মজুরি কতো টাকা প্রস্তাব করেছেন সেটি এখনই জানাতে অপারাগতা প্রকাশ করেছেন বোর্ডের চেয়ারম্যান।
সোমবার (২৩ নভেম্বর) টানা চার ঘন্টার বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ ব্রিফিংয়ে মজুরি বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য জানান।
এ সময়, শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, মালিক পক্ষ আজ মজুরি বোর্ডে যে প্রস্তাব দিয়েছেন সেটি আমাদের প্রস্তাব থেকে অনেক কম। এ কারণে তাদের প্রস্তাব আমাদের পছন্দ হয়নি। আবার মালিক প্রতিনিধিরাও জানিয়েছেন, আমাদের ৩২ হাজার টাকার প্রস্তাবও তাদের কছে যৌক্তিক মনে হয়নি। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, শ্রমিক পক্ষ থেকে আমরা যে প্রস্তাব দিয়েছি ৩২ হাজার টাকা-সেখান থেকে কমিয়ে আমরা আরেকটি প্রস্তাব জমা দিব বোর্ডে। একইভাবে মালিক পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তারাও সেখান থেকে বাড়িয়ে আরেকটি প্রস্তাব দেবেন। তার পর আলা-আলোচনা শেষে মজুরি চূড়ান্ত করা হবে।
সভায়, তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে তাদের প্রস্তাব লিখিতভাবে জমা দেন। এরপর শিল্প খাতের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হয়।
এ দিকে, নিম্নতম মজুরি বোর্ডের সামনে আজ সোমবার সকাল থেকেই অবস্থান কর্মসূচি পালন করছে শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুর, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ এবং গার্মেন্টস শ্রমিক পরিষদ। সংগঠনগুলোর ব্যানার ও ফেস্টুনে হেলপারের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, মজুরি বোর্ডের সময়ক্ষেপণ বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের মর্যাদাপূর্ণ মজুরি নির্ধারণের দাবি জানানো হয়।
এ ছাড়া, গ্রেফতার শ্রমিক ও নেতাদের মুক্তি, শ্রমিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধ এবং মজুরি আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক ও সেলিমের পরিবারকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন-১২১ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় সংগঠনগুলো। দমন-পীড়নের পরিবর্তে অর্থবহ আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবি মেনে নেওয়া, চাকরির নিরাপত্তা ও শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।
এর আগে, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া, অফিস স্টাফ বা কর্মচারীদের জন্য প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।
দ্বিতীয় সভায়, মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে পারেনি। প্রস্তাব তৈরির জন্য সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।
৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। ১৬ নভেম্বর তৃতীয় সভার তারিখ নির্ধারিত থাকলেও অনিবার্য পরিস্থিতিতে তা স্থগিত করা হয়। পরে ২৩ নভেম্বর সভা অনুষ্ঠানের কথা জানানো হয়।
বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ মজুরি কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।
নতুন মজুরি নির্ধারণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিকেরা। সংগঠনগুলোর পক্ষ থেকে মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াকে এ দাবির কারণ হিসেবে তুলে ধরছেন তারা।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।