ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে জরিমানা

জেলা প্রতিনিধি
৩৫ মিনিট আগে
মাগুরায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে জরিমানা
মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজার ও হাজরাপুর এলাকায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্যাস, সার, কীটনাশক, বীজ ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় ইছাখাদা বাজারের ‘মেসার্স আকবর অ্যান্ড ব্রাদার্স’ নামক প্রতিষ্ঠানে পূর্বে সতর্ক করা সত্ত্বেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিক্রয়ের ভাউচার যথাযথভাবে প্রদান না করার সত্যতা পাওয়া যায়। সরকার নির্ধারিত খুচরা ২ হাজার ৬০ টাকার গ্যাস সিলিন্ডার ২ হাজার ২০০ টাকা পর্যন্ত পাইকারি দরে বিক্রির প্রমাণ মেলে।

এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আলী আকবরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য ব্যবসায়ীকে আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা ও সতর্কবার্তা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।





কমেন্ট বক্স